সুনামগঞ্জের হাওরে ব্যাপক ফসলহানির পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দুটি কর্মসূচি নিয়েছিল সরকার। এর মধ্যে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কর্মসূচি বন্ধ হয়েছে আগেই। আর বিশেষ ভিজিএফ কর্মসূচি আগস্ট মাসের পর অব্যাহত থাকবে, তার নিশ্চয়তা নেই। ফলে ফসলহারা সোয়া তিন লাখ কৃষক পরিবার নতুন করে দুশ্চিন্তায় পড়বে।
জানতে চাইলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো কাগজপত্র না পেলেও আগস্টে সুনামগঞ্জের ফসলহারা কৃষকেরা বিশেষ ভিজিএফ সহায়তা পাবেন, এটা মোটামুটি নিশ্চিত। এ নিয়ে ত্রাণসচিবের সঙ্গে তাঁর কথা হয়েছে। কিন্তু আগস্টের পর এই কর্মসূচি চলমান থাকবে কি না, এটা এখন বলা সম্ভব নয়। তবে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে বিশেষ ভিজিএফ অব্যাহত রাখা এবং ওএমএস আবার চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
গত ২৭ মার্চ থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের ১৫৪টি হাওরে ফসলহানি ঘটে। সর্বশেষ ২৪ এপ্রিল বাঁধ ভেঙে তলিয়ে যায় জামালগঞ্জ উপজেলার পাকনার হাওর। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর ফসলি জমির মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ফসল তলিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয় ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার। যদিও কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, জেলার ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাওরে ফসলহানির পরপরই বাজারে চাল ও আটার দাম বেড়ে যায়। গত ৬ এপ্রিল থেকে সুনামগঞ্জে সরকারিভাবে কম দামে খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়। ২২ হাজার মানুষ প্রতিদিন ১৫ টাকা দরে ৫ কেজি করে চাল কিনতে পারছিলেন। কিন্তু ১ জুলাই থেকে ওএমএস কর্মসূচি বন্ধ হয়ে যায়। অথচ জেলার সোয়া ৩ লাখ ফসলহারা কৃষক পরিবারের জন্য ওএমএস এবং বিশেষ ভিজিএফ কর্মসূচি আগামী বোরো ফসল ওঠা পর্যন্ত চালু রাখার কথা ঘোষণা করেছিল সরকার।
খোলাবাজারে চাল বিক্রি আবার শুরু করার দাবিতে সুনামগঞ্জে বিভিন্ন সংগঠন ও কৃষকদের সভা-সমাবেশ অব্যাহত রয়েছে। সর্বশেষ গত বুধবারও কৃষক-জনতার বিক্ষোভ হয়েছে বিশ্বম্ভরপুর উপজেলায়। এর মধ্যেই বিশেষ ভিজিএফ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার খবর আসছে।
এ প্রসঙ্গে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের সভাপতি বজলুল মজিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খোলাবাজারে আবার চাল বিক্রি চালু করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত সব কৃষক পরিবারকে ত্রাণ-সহায়তা দেওয়ার দাবি জানিয়েছি। কিন্তু সবাইকে দেওয়া দূরে থাক, এখন এই কর্মসূচিই বন্ধ হয়ে যাচ্ছে শুনে আমরা উদ্বিগ্ন। হাওরের সংকট আরও প্রকট হচ্ছে। বুঝতে পারছি না, এই অসহায়-নিঃস্ব মানুষগুলো এখন কী করবে, কীভাবে বাঁচবে।’
বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় ১ লাখ ৬৮ হাজার পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে ত্রাণ-সহায়তা পেয়ে আসছিল।
জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক ওএমএসের চাল কিনে এবং ত্রাণ-সহায়তা পেয়ে কিছুটা হলেও উপকৃত হচ্ছিলেন। যদিও ত্রাণ-সহায়তা ছিল অপ্রতুল, এখন সেটিও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে হাওর এলাকার মানুষ আগামী নয় মাস কীভাবে চলবে?’
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ফসলহারা মানুষের ঘরে খাবার নেই। অর্ধাহারে–অনাহারে দিন কাটছে। কাজের সন্ধানে অনেকে গ্রাম ছেড়ে বিভিন্ন এলাকায় গেছেন।
মজুত-সংকট, বিতরণে বিলম্ব
জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র বলছে, হাওরে ফসলহানির পর খয়রাতি সহায়তা (জিআর) হিসেবে ১ হাজার ৪৫০ মেট্রিক টন চাল ও ৮৫ লাখ টাকা এবং কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার ৩২৯ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। এরপর বিশেষ ভিজিএফের মাধ্যমে ত্রাণ হিসেবে ১ লাখ ৬৮ হাজার পরিবারের জন্য ১ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল বরাদ্দ হয়; নগদ বরাদ্দ আসে ২ কোটি ৭০ লাখ টাকা। মে ও জুন মাসের চাল ও টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। এখন জুলাই মাসেরটা বিতরণ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার খাদ্যগুদামে মজুত কম থাকায় জুলাইয়ের চাল বিতরণে বিলম্ব হয়েছে। কোনো ইউপি চেয়ারম্যানই এ মাসের চাল ২০ তারিখের আগে তুলতে পারেননি।
এ প্রসঙ্গে জেলা খাদ্যনিয়ন্ত্রক মোস্তফা জাকারিয়া প্রথম আলোকে বলেন, গুদামে মজুত কম থাকার কারণেই এই সমস্যা হয়েছে। এখন সুনামগঞ্জ সদর বাদে অন্য উপজেলাগুলোতে জুলাইয়ের চাল দেওয়া হচ্ছে। সদর উপজেলায়ও শিগগিরই চাল বিতরণ করা হবে। চট্টগ্রাম থেকে চাল আসছে।