ওএসডি ও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) স্বেচ্ছায় দুর্নীতির কথা স্বীকার করায় যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্তের চিঠি নিজ নিজ বিভাগে পাঠানো হবে। এসব কর্মকর্তার বিরুদ্ধে আরও কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়েও আজ চিঠি দেওয়া হবে। তবে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মন্ত্রীর পছন্দের দুর্নীতিবাজ কর্মকর্তারা অবসরে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেক দুর্নীতিবাজ কর্মকর্তাকে যোগাযোগমন্ত্রী ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন এবং পদোন্নতি দিয়েছিলেন। গতকাল বুধবার রাতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, আইন মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা ছিল ট্রুথ কমিশনে যাওয়াদের পদায়ন ও পদোন্নতিতে কোনো বাধা নেই। কিন্তু অন্য মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা ট্রুথ কমিশনে গেলেও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেশি সমালোচিত। তাই অবশেষে ওএসডি ও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী আরও বলেন, ‘আমার ক্ষমতা আছে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও কাজ থেকে অব্যাহতি দেওয়া। ট্রুথ কমিশনে যাওয়া কর্মকর্তাদের বিষয়ে ওএসডি ও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, এই মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রেলওয়ের প্রায় ৪২ জন কর্মকর্তা ট্রুথ কমিশনে স্বেচ্ছায় দুর্নীতির কথা স্বীকার করে মার্জনা পান। এঁদের বেশির ভাগই সওজের কর্মকর্তা। দুর্নীতির কথা স্বীকার করেও বর্তমান সরকারের আমলে এঁদের অনেককে সওজের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন পদে পদায়ন ও পদোন্নতি দেওয়া হয়।