ওএসডি ও বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে বিভক্তি
জনপ্রশাসনে দীর্ঘদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কমকর্তা (ওএসডি) হয়ে থাকা ও পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের মধ্যে কার্যত বিভক্তি সৃষ্টি হয়েছে।
এসব কর্মকর্তার একাংশ গতকাল রোববার জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে পদোন্নতি ও পদায়নের দাবি জানিয়েছে। আরেক অংশ বলছে, যেখানে গত পাঁচ বছরে সরকার তাদের পদোন্নতি দেয়নি, পদায়ন করেনি, সেখানে নির্বাচনের সময়ে তা করবে, এমনটা আশা করা বোকামি। সুতরাং এখন আর কারও সঙ্গে দেখা করার কোনো মানে নেই।
এর আগে গত ২৭ নভেম্বর এই কর্মকর্তারা একসঙ্গেই মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করে পদোন্নতি ও পদায়নের দাবি জানিয়েছিলেন।
গতকাল সকালে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রন্থাগারে যান ওএসডি ও পদোন্নতিবঞ্চিত প্রায় ৩০ জন কর্মকর্তা। সেখান থেকে বেলা ১১টার দিকে তাঁরা জনপ্রশাসন সচিবের দপ্তরে যান। তখন ওই মন্ত্রণালয়ের সভাকক্ষে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) একটি সভা চলছিল। ওই সভা শেষে জনপ্রসাশন সচিবের সঙ্গে আবদুল বারী, বিজন কান্তি সরকার, এ বি এম আবদুস সাত্তার, নাসরীন আখতার প্রমুখ সাক্ষাৎ করেন।
তাঁরা সচিবকে বলেন, বর্তমান সরকারের আমলে প্রায় সাড়ে ৬০০ কর্মকর্তার একবারও পদোন্নতি হয়নি। যোগ্য হওয়া সত্ত্বেও অনেককে কয়েক দফায় পদোন্নতিবঞ্চিত করা হয়েছে। তাই এখন যেন তাঁদের বিষয়টি বিবেচনা করা হয়। একই সঙ্গে ওএসডি কর্মকর্তাদের যেন পদায়ন করা হয়।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এখন নির্বাচনকালীন সরকারের সময়ে মূলত ‘বিএনপি-জামায়াত সমর্থক’ হিসেবে পরিচিত এসব কর্মকর্তা জনপ্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিব্রত করার উদ্দেশে বারবার একই তৎপরতা চালাচ্ছেন।
জানতে চাইলে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন কর্মকর্তা আমার সঙ্গে দেখা করেছেন। তবে পদোন্নতি হয় এসএসবির সুপারিশের ভিত্তিতে। যাঁদের যোগ্যতা আছে এসএসবির সভায় তাঁদের পদোন্নতির সুপারিশ করা হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক ১৯৮৪ বিসিএস ব্যাচের একজন উপসচিব (এই ব্যাচের অনেকে অতিরিক্ত সচিব হয়েছেন) প্রথম আলোকে বলেন, যে প্রশাসন পাঁচ বছরে তাঁদের পদোন্নতি দেয়নি, সেখানে নিবাচনের আগে আগে পদোন্নতি দেবে এটা আশা করা ঠিক নয়। তাই তাঁরা কোনো দেনদরবারের মধ্যে নেই। এই কর্মকর্তা গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দুই জেলায় ডিসি ছিলেন। ২০০৯ সালে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটিরও নেতা ছিলেন তিনি।
গতকাল পুরো সচিবালয়ের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়েও বাড়তি পুলিশি নিরাপত্তা লক্ষ করা গেছে।