ওএসডি যুগ্ম সচিব জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈঠক করার সময় এই কর্মকর্তাও ছিলেন বলে কোনো কোনো গণমাধ্যমে বলা হয়।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এ কে এম জাহাঙ্গীরের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাঁকে চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করছে। এ জন্য সরকারি কর্মচারী (অবসর) আইনের ক্ষমতাবলে সরকার তাঁকে চাকরি থেকে অবসর দিয়েছে।
গত বৃহস্পতিবার গুলশানে খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈঠক করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও বিএনপির পক্ষ থেকে এই বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে। ঘটনার পর গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বৈঠককারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈঠককারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।