ওএসডির তালিকা দিতে চার মাস সময় পেল সরকার
জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা ২০০৮ সালের আগের পাঁচ বছরের কর্মকর্তাদের তালিকা দিতে সরকারকে চার মাস সময় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় মঞ্জুর করেন।এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৪ জুন হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। সেই সঙ্গে গত ১০ বছরে ওএসডি করে রাখা কর্মকর্তা ও তাঁদের বেতনসহ ব্যয়সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। গত ১৭ অক্টোবর রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৭ জানুয়ারি পর্যন্ত সময় দেন।গতকাল ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে গত বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওএসডি করে রাখা কর্মকর্তাদের সংখ্যা ও ব্যয়সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।পরে আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, পাঁচ বছরের তালিকা দাখিল করা হয়েছে। ২০০৮ সালের আগের পাঁচ বছরের তালিকা দাখিলের জন্য ছয় মাসের আবেদন করা হয়। আদালত চার মাস মঞ্জুর করেন।সরকারের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে গত বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওএসডি করে রাখা কর্মকর্তার সংখ্যা এক হাজার ৯৮৯। এর মধ্যে ১৩ জন সচিব, ১৬৬ জন অতিরিক্ত সচিব, ৪৯০ জন যুগ্ম সচিব, ৭৯০ জন উপসচিব, ৪৬০ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ৭০ জন সহকারী সচিব রয়েছেন। তাঁদের পেছনে সরকারের ব্যয় হয়েছে ১০৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার ৫৩৭ টাকা।