ওকড়াবাড়ী পরিদর্শন করলেন হুইপ ইকবালুর রহিম
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনের দিন চিরিরবন্দর উপজেলার ওকড়াবাড়ী হাটে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আগুনে পুড়ে যাওয়া সংখ্যালঘু দোকান মালিকদের পুনর্বাসন করা হবে।
গতকাল শনিবার বেলা ১১টায় সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন শেষে হাটে উপস্থিত ক্ষতিগ্রস্ত লোকজন ও এলাকাবাসীকে তিনি ওই আশ্বাস দেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্তরা হুইপের কাছে অভিযোগ করেন, ভোট দিতে যাওয়ার অপরাধে ৫ জানুয়ারি বিকেলে বিএনপি-জামায়াতের লোকজন ওকড়াবাড়ী হাটে হিন্দুদের ৪৭টি এবং আওয়ামী লীগ সমর্থকদের পাঁচটি দোকান এবং হাটসংলগ্ন খোসনা এসসি উচ্চবিদ্যালয় ও কলেজে আগুন ধরিয়ে দেয়।
ভুক্তভোগী ওকড়াবাড়ী হাটের দোকান মালিক ধনঞ্জয় রায় হুইপকে বলেন, টাকার অভাবে ক্ষতিগ্রস্তরা আজও তাঁদের দোকান চালু করতে পারেননি।
ক্ষতিগ্রস্তদের কথা শুনে হুইপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা এবং ক্ষতির লিখিত বিবরণ তাঁর কাছে জমা দিতে বলেন। ওই ঘটনায় নির্দিষ্ট কারও বিরুদ্ধে কোনো মামলা রেকর্ড না হওয়ায় পুলিশের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।