ওগুলো 'গুম' নয় 'অপহরণ': স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর আর ফিরে না আসার ঘটনাগুলো ‘গুম’ নয়, ‘অপহরণ’। তিনি বলেন, গুম বলতে কোনো শব্দ নেই। গুম হিসেবে যত অভিযোগ করা হচ্ছে, প্রকৃত ঘটনা তত নয়। গতকাল রাতে প্রথম আলোকে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তবে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেছেন, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী কাউকে অপহরণ করলে সেটাকে গুম বোঝানো হয়। সাধারণ অপরাধীরা ধরে নিয়ে গেলে তা হয় অপহরণ।
শাহদীন মালিক বলেন, আন্তর্জাতিক গুম দিবসের অনুষ্ঠানে যেসব ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেছেন, তাঁরা নিজের চোখে দেখেছে যে তাঁদের পরিজনদের ডিবি বা রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে। তাই সে ঘটনাগুলো গুম বলেই বিবেচিত হবে।
এদিকে আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘র্যাব সদস্যদের জড়িত থাকার যে অভিযোগ বারবার করা হচ্ছে তা সঠিক নয়। কয়েকটি ঘটনার আমি জানি যে নিজেরাই আত্মগোপনে থেকে গুমের গল্প বলছে। পরে তা পরিষ্কার হয়েছে—যখন সেই গুমের লোক উদ্ধার হয়েছে।’ তিনি বলেন, এটা ভুল ধারণা। গুম হলেই র্যাবের নাম বলা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইসলামী ফ্রন্টের নেতা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের তদন্ত ভুল পথে যাক তা চান না বলেই ধীরস্থিরভাবে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ফারুকী হত্যাকাণ্ডের তদন্ত ভুল পথে চালাতে চাই না। ধীরস্থিরভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত করে সঠিক জিনিসটা আমরা জনগণকে জানাতে চাই।’ তিনি বলেন, গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়।
ফারুকীর খুনিদের বিচারের দাবিতে রোববার সারা দেশে আধা বেলা হরতালও করেছে ইসলামী ফ্রন্টের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা। হরতালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো হরতাল তো হচ্ছে না। সারা দেশে তাই কোনো গণ্ডগোলও নেই। প্রতিমন্ত্রী বলেন, ‘দুটি হত্যাকাণ্ড দুর্ভাগ্যক্রমে আমার নির্বাচনী এলাকায় ঘটেছে।’ মগবাজারে তিন খুনের তদন্তের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘মামলার মূল আসামি কালা বাবু নটোরিয়াস। আগেও এক আনসার হত্যায় জড়িত সে।’ পুলিশ আসামিদের খুঁজছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কালা বাবুসহ তার সাঙ্গোপাঙ্গদের তছনছ করে দেওয়া হবে।’ এ ঘটনা ‘চাঁদাবাজির কারণে’ ঘটেছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে কামাল বলেন, ভারতে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, ‘অপেক্ষা করেন। ভারতে নূর হোসেনের আইনি প্রক্রিয়া শেষ হোক।’