ওগো বিদেশিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেইসা ওলিভেরিয়া সিলভা
জেইসা ওলিভেরিয়া সিলভা

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বন্ধুত্বের সূত্র ধরে রাজবাড়ীতে এসেছেন এক ব্রাজিলীয় তরুণী। এ দেশ ও মানুষে মুগ্ধ এ তরুণীকে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ।
ব্রাজিলের সাওপাওলোর বাসিন্দা ওই তরুণীর নাম জেইসা ওলিভেরিয়া সিলভা (২৯)। তিনি সেখানে সরকারি চাকরি করেন। সিলভা এসেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে সঞ্জয় ঘোষের (২৮) বাড়িতে। সঞ্জয় ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের কর্মী।
সঞ্জয় ঘোষ বলেন, প্রায় দেড় বছর আগে সিলভার সঙ্গে ফেসবুকে তাঁর পরিচয় হয়। তিনি বাংলা বোঝেন না। তবে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারেন। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গভীর হয়। একপর্যায়ে সিলভা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। গত সোমবার সকালে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সঞ্জয়। ঢাকায় খানিকটা ঘোরাঘুরির পর রাত নয়টার দিকে তাঁরা বালিয়াকান্দির বাড়িতে আসেন।
সিলভা নিরিবিলি থাকতে পছন্দ করেন। কিন্তু বালিয়াকান্দিতে একজন ব্রাজিলীয় তরুণী এসেছেন, এ খবর প্রচার পেতে সময় লাগেনি। ফলে সঞ্জয়ের বাড়িতে প্রচুর লোকজন ভিড় জমাচ্ছে। এতে কিছুটা বিরক্ত হলেও বাংলাদেশটাকে ভালোভাবে না দেখে ব্রাজিলে ফিরতে চান না সিলভা। তিনি বলেন, সঞ্জয়ের কাছ থেকে বাংলাদেশ ও এ দেশের মানুষ সম্পর্কে আগেই ধারণা নেন। এরপর এখানে আসার আগ্রহ বেড়ে যায়। এসে দেখতে পাচ্ছেন এ দেশ আসলেই খুব সুন্দর।
সঞ্জয়ের সঙ্গে সিলভার বন্ধুত্বটা কি পরিণয় পর্যন্ত গড়াবে? এ প্রশ্নের উত্তরে অকপট সঞ্জয়। তিনি বললেন, ‘সিলভা আমাকে বিয়ে করতে চাইলে আমার দিক থেকে আপত্তি নেই।’ সিলভা এখনই এ বিষয়ে কিছু বলছেন না। তবে সঞ্জয়কে যে খুব ভালো লাগে, এ কথা বলতে রাখঢাক করেননি তিনি। সঞ্জয় বললেন, ‘সিলভা দেশে ফিরে যাওয়ার পর তাঁর মা-বাবার সঙ্গে কথা বলবেন। তারপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
বিয়ে হোক বা না হোক, সঞ্জয় ও তাঁর পরিবারকে ভালো লেগেছে, এ বিষয়ে খোলামেলাই বলেছেন সিলভা। তিনি বলেন, ‘এই প্রথম বাংলাদেশে এলাম। সঞ্জয়ের বাড়ির সদস্যরা খুব ভালো ও মিশুক। এদের আচরণ মনের মধ্যে গেঁথে থাকবে। এই দেশ ও দেশের মানুষ খুব ভালো। সব মিলিয়ে চমৎকার এক অনুভূতি।’