ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রটি ছয় বছর ধরে অচল
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোস্তমপুরে অতিরিক্ত পণ্যবোঝাই যান চলাচল নিয়ন্ত্রণে নির্মিত ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি (এক্সেল লোড কন্ট্রোল সেন্টার) ছয় বছর ধরে অচল হয়ে আছে। ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় ২০০৪ সালে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি স্থাপন করে।কেন্দ্রটি অচল থাকায় কোন যানবাহন অতিরিক্ত পণ্য বহন করছে, তা শনাক্ত করা যাচ্ছে না। এই সুযোগে অতিরিক্ত পণ্যবাহী যানগুলো অবাধে চলাচল করছে। ফলে সড়কটি দ্রুত নষ্ট ও খানাখন্দে ভরে যাচ্ছে। জেলা সওজ সূত্র জানায়, ঢাকা-সিলেট নতুন মহাসড়ক নির্মাণকালে সড়ক পুনর্বাসন ও মেরামত প্রকল্প-৩-এর (আরআরএমপি-৩) আওতায় রোস্তমপুর এলাকায় ওজন নিয়ন্ত্রককেন্দ্রটি স্থাপন করা হয়। স্থাপনের কয়েক দিনের মাথায় পরীক্ষামূলকভাবে চলার সময় এটি বন্ধ হয়ে যায়। এর পর আর মেরামত করা হয়নি। সরেজমিনে দেখা গেছে, ওজন নিয়ন্ত্রণকেন্দ্রে স্থাপিত মেশিনটির যন্ত্রপাতিগুলো অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে। ওজন যন্ত্র এলাকায় প্রবেশের আগে মহাসড়কের দুই পাশে পৃথক লেন তৈরি করা হয়েছিল, যা এখন কাজে লাগে না। ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণের জন্য কম্পিউটারের কক্ষটির অবস্থাও করুণ। এলাকার বাসিন্দা আমির আলী বলেন, ‘এগুলা দেখারও কেউ নাই।’সওজ সূত্র জানায়, সড়কটি নির্মাণকালে এর আয়ুসীমা ধরা হয়েছিল ২০ বছর। কিন্তু দেখা যাচ্ছে, ছয় বছরের মাথায় সড়কটির নানা সমস্যা শুরু হয়ে গেছে। এলাকাবাসী মনে করছেন, ওজন মাপার যন্ত্রটি থাকলে এ সমস্যা হয়তো রোধ করা যেত। সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিধিমতে, একটি চার বা ছয় চাকার ট্রাক সামনের চাকা বরাবর সর্বোচ্চ সাড়ে পাঁচ টন এবং পেছনের চাকা বরাবর সর্বোচ্চ ১০ টন পণ্য বহন করতে পারবে। অর্থাৎ চার বা ছয় চাকার ট্রাকটি সর্বোচ্চ সাড়ে ১৫ টন পণ্য বহন করতে পারবে। কিন্তু এ মহাসড়কে এ রকম একটি ট্রাকে ২৫ টন পর্যন্ত পণ্য বহন করা হচ্ছে। হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ওজন নিয়ন্ত্রণ যন্ত্র অচল থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যন্ত্রটি একটি প্রকল্পের অধীনে আমরা পেয়েছি। এর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা এখনো কোনো উদ্যোগ নেয়নি।’