ওজন মেপে সংসারে আলো জ্বালান নূর ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় একদিন রেশনের দোকানে চাল আনতে গিয়েছিলেন নূর ইসলাম। কাগজে স্বাক্ষর দিতে বললে আটকে যান তিনি। পড়ালেখা করেননি। টিপসই দিতে চাইলে রেশন দোকানের একজন নাকে কালি লাগিয়ে দিয়েছিলেন। উপস্থিত লোকজন মজা পেলেও অপমানিত বোধ করেন নূর ইসলাম। প্রতিজ্ঞা করেন, নিজের সন্তান হলে তাদের পড়ালেখা শিখিয়ে বড় করবেন।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আদুনা গ্রামের মো. নূর ইসলামের আট ছেলেমেয়ে। সবাই পড়ালেখা করেছে, করছে। এক মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তবে এর জন্য নূর ইসলামকে সারা জীবন পরিশ্রম করতে হয়েছে। নিজের বাবাও ছিলেন গরিব। ছোটবেলায় গ্রামে বাবার সঙ্গে খেয়া পারাপারের কাজ করেছেন। এখন তাঁর বয়স ষাটের কাছাকাছি। তিনি ওজন ও উচ্চতা মাপার যন্ত্র নিয়ে বসেন ঢাকার কারওয়ান বাজার পাতালপথে (আন্ডারপাস)। গত ১৫ বছর এই আয় দিয়েই বিরাট সংসারটি সচল রেখেছেন তিনি।
নূর ইসলাম জানান, ছোট একটি যন্ত্র নিয়ে শুরু করেছিলেন তিনি। এখন ডিজিটাল যন্ত্র ব্যবহার করেন। ওজন ও উচ্চতা মেপে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করেন। এ দিয়ে সংসার চলে না। তবে কয়েক বছর হলো দুই ছেলের রোজগার যুক্ত হয়েছে সংসারে।
গত মঙ্গলবার কারওয়ান বাজার পাতালপথে দেখা যায়, এক নারী নিজের ও ছেলের ওজন মাপাচ্ছেন। জাহিন সুলতানা নামের ওই নারীর ভ্যানিটি ব্যাগ নূর ইসলামের হাতে। ওজন ও উচ্চতা মেপে ১০ টাকা দিয়ে চলে গেলেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ওজন মাপেন নূর ইসলাম।
২০০১ সালে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন নূর ইসলাম। গ্রামে থাকার সময় আয়ের নির্দিষ্ট কোনো উৎস ছিল না তাঁর। আবার ভারী কাজ করার শারীরিক সামর্থ্যও নেই। ঢাকায় আসার পর দুই বছর এখানে-সেখানে মানুষের ওজন মেপেছেন। ১৫ বছর ধরে বসেন এই আন্ডারপাসে। ফলে এ জায়গার প্রতি তাঁর মায়া জন্মে গেছে। রাজাবাজারে দুই ছেলেসহ বাসা ভাড়া করে থাকেন তিনি। স্ত্রী শাহনাজ বেগম চার ছেলেমেয়ে নিয়ে গ্রামে থাকেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন।
বড় ছেলে আবু সিদ্দিককে নিয়ে তাঁর কষ্ট রয়েই গেছে। তাঁর এই ছেলে নিজের ভাই-বোনদের হাতে কলম ধরিয়েছেন। নিজে বিএ পাস করেছেন। কিছুদিন ওষুধ কোম্পানিতে কাজও করেছেন। কিন্তু তিনি এখন মানসিকভাবে অসুস্থ। সামর্থ্য অনুযায়ী নূর ইসলাম চিকিৎসাও করিয়েছেন, কিন্তু সুস্থ হননি। বলতে গিয়ে কেঁদে ফেলেন নূর ইসলাম।
এরপর মেয়ে হেনা আক্তার। মাধ্যমিক পাসের পর বিয়ে দিয়েছেন। তৃতীয় সন্তান আতিকুর রহমানও মাধ্যমিক পাস করেছেন। এখন গ্রামে একটি দোকান চালান। চতুর্থ সন্তান তাহমিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁকে নিয়ে নূর ইসলামের বেশ গর্ব। তাহমিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে দুই বছর পড়েছেন। মাদারীপুরের কালকিনিতে বিয়ে হওয়ার পর সেখানে চলে যান। তাঁর স্বামী হাইস্কুলের শিক্ষক। তাহমিনা শিক্ষকতার পাশাপাশি মাদারীপুরে সৈয়দ আবুল হোসেন কলেজে ব্যবস্থাপনা বিভাগে পড়ছেন এখন।
পঞ্চম সন্তান ওবায়দুর রহমান ফিন্যান্স তৃতীয় বর্ষে পড়ছেন মিরপুর বাঙলা কলেজে। এরপরের জন সাইদুল ইসলাম গত বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন। কয়েক মাস ধরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গাড়িচালক হিসেবে কাজ করছেন। এ বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তির পরিকল্পনা আছে তাঁর।
এরপরের জন আবিদা সুলতানা পড়ছে দশম শ্রেণিতে। অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে সে। ছোট মেয়ে কানিজ ফাতেমা ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
এতগুলো সন্তানকে কীভাবে লেখাপড়া করিয়েছেন? জবাবে নূর হোসেন বলেন, ‘আল্লাহর রহমত। আমার কেবল ভিটেবাড়িটাই আছে। সম্পদ বলতে এখন সন্তানেরা। তারা যদি আমাকে না-ও দেখে, তাতে দুঃখ পাব না। তারা প্রতিষ্ঠিত হলে, স্বাবলম্বী হলেই আমার কষ্ট দূর হবে।’ কথা বলার সময় দুচোখ পানিতে ভরে ওঠে নূর ইসলামের।