ওজন যন্ত্রে ত্রুটি কাপ্তান বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা
ওজন যন্ত্রের ত্রুটি থাকায় কাপ্তান বাজারের তিন দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা পরিবেশে খাবার বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোয় একটি হোটেলকেও জরিমানা করা হয়।
গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব ও আবু সাঈদের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, সকালের দিকে কাপ্তান বাজারে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ওজন যন্ত্রে ত্রুটি থাকায় কাপ্তান বাজারের বাদশা মিয়া মাংস বিতান, মায়ের দোয়া ও কামরুল মাংস বিতানকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নোংরা পরিবেশে খাবার বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর দায়ে রওশন হোটেলকে ৪০ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স না থাকায় শিশুখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান সালমা স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়র সাঈদ খোকন বলেন, রমজান মাসে খাদ্যে ভেজাল ও ডিএসসিসির নির্ধারিত মূল্যতালিকা অমান্য করে দ্রব্যমূল্য বাড়ালে দোকানিদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। বাজার নিয়ন্ত্রণে ডিএসসিসির নিয়মিত সাতটি দল মাঠে রয়েছে। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গুলিস্তানসহ রাজধানীর ফুটপাত দখল বিষয়ে মেয়র বলেন, ফুটপাতে জনসাধারণের চলাচলের জায়গা রেখে হকারদের বসতে দেওয়া হচ্ছে। পুনর্বাসনের ব্যবস্থা করে তাঁদের ফুটপাত থেকে উঠিয়ে দেওয়া হবে। কাউকে চাঁদা না দিতে হকারদের বলা হয়েছে।
অভিযান চলাকালে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।