ওজনে কম থাকায় খাদ্যসামগ্রী ফেরত
ওজনে কম থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের চা-শ্রমিকেরা সরকারি খাদ্যসামগ্রী ফেরত পাঠিয়েছেন। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
গতকাল দুপুরে শমশেরনগর চা-বাগানের নাচঘর চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করতে এসেছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান।
শমশেরনগর চা-বাগানের শ্রমিক গোপাল কানু, শংকর রবিদাসসহ কয়েকজন অভিযোগ করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় শমশেরনগর চা-বাগানের ১৫০ নারী শ্রমিককে চাল, ডাল, আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রীদেওয়া হয়। গতকাল সকালে ওই চা-বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণের জন্য দুই ট্রাক খাদ্যসামগ্রী পাঠানো হয়।
শ্রমিকেরা জানান, পরিমাণ কম বলে সন্দেহ হওয়ায় চা-শ্রমিকেরা তা ওজন করে দেখার দাবি জানান। তাঁদের দাবির মুখে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা সমরজিৎ পাল খাদ্যসামগ্রীর প্যাকেট ওজন করে দেখার সিদ্ধান্ত দেন। পরে প্যাকেটগুলো ওজন করে দেখা যায় ১৫ কেজি চালের স্থলে ১০ কেজি, নয় কেজি ডালের স্থলে ছয় কেজি, আটা ১৫ কেজির স্থলে ১২ কেজি, আলু ১৫ কেজির স্থলে ১৩ কেজি। তাছাড়া নিম্নমানের শাড়ি থাকায় নারী শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
চা শ্রমিকদের শান্ত করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিতরণ না করে পরে নির্ধারিত পরিমাণে খাদ্যসামগ্রী দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমরজিৎ পাল বলেন, খাদ্যসামগ্রী সরবরাহকারী ঠিকাদার ওজনে কম দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। আগামীকাল সোমবার সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
পরিমাণে কম দেওয়ার অভিযোগ সম্পর্কে ঠিকাদার পারভেজ চৌধুরী মুঠোফোনে বলেন, তাঁর প্রতিষ্ঠানের নামে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে ঠিক। কিন্তু শনিবার শমশেরনগর চা-বাগানে কী হয়েছে, তা তিনি জানেন না। এ ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা।