ওজনে কারচুপি, আ.লীগ নেতার ছেলেকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন প্রকল্পের ঘর নির্মাণের কাজে সরবরাহের জন্য কম ওজনের টিন কিনে বেশি ওজনের ছাপ মারার সময় বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি থেকে র্যাব সদস্যরা শুক্রবার ৩১৬টি (৩৫ বান্ডিল) ঢেউটিন জব্দ করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই টিন সরবরাহের দায়িত্ব পাওয়া ঠিকাদার জিএম হাসানকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জিএম হাসান আমতলী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেনের বড় ছেলে। শুক্রবার সন্ধ্যায় আমতলী উপজেলার লোচা গ্রামে জিএম দেলোয়ারের বাড়ির গুদাম থেকে এসব টিন জব্দ করা হয়। জিএম হাসান গতকাল দুপুরে বলেন, ‘আমার গোডাউনে যদিও এসব টিন পাওয়া গেছে, তবে এই টিন আমার না। অন্য একজনের টিন আমার গোডাউনে রাখা ছিল।’র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় তাঁরা লোচা গ্রামে জিএম দেলোয়ারের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁরা জিএম হাসান (৩৫) ও তাঁর কর্মচারী মো. হারুনকে (২৫) টিনের গায়ে বেশি ওজনের ছাপ মারতে দেখেন। পরে তাঁরা সেখান থেকে ৩৫ বান্ডিল ঢেউটিন এবং ওজন পরিবর্তন করার কাজে ব্যবহূত রং ও সিলসহ তাঁদের আটক করেন। র্যাব সদস্যরা আরও জানান, এসব টিন শাখারিয়া আবাসন প্রকল্পের ঘর মেরামতের জন্য জিএম হাসান কিনেছিলেন। দরপত্র অনুযায়ী ৪৬ মিলিমিটার (এমএম) ওজনের টিন সরবরাহের কথা। কিন্তু ঠিকাদার জিএম হাসান ৩২-৪২ এমএম ওজনের ৩৫ বান্ডিল ঢেউটিন কিনে সেসব টিনের গায়ে লেখা ওজনের ছাপ পরিবর্তন করে ৪৬ এমএম সিল দিচ্ছিলেন, যা বিএসটিআই আইনের ১৯ ধারায় অপরাধ বলে গণ্য।