ওজনে কারচুপির অপরাধে এক বছরে ২৮১৫ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে গত এক বছরে (জুলাই ২০০৯ থেকে জুন ২০১০) দুই হাজার ৮১৫টি মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয়েছে ৯০ লাখ টাকা। একই সময় ভেজালবিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার কোটি টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। এ সময় এক হাজার ৮২২টি মামলা দায়ের করা হয়।গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন। সভায় জানানো হয়, সরকারের ভেজাল ও কারচুপিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রোজার মাসে এ ধরনের আরও বিশেষ অভিযান চলবে। সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, দেশে বর্তমানে চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজান মাসে চিনির দাম বাড়ার কোনো ধরনের সম্ভবনা নেই। এ ছাড়া টিসিবির মাধ্যমে রমজান মাসে চিনি, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।কমিটির সদস্য মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক, আলী আজগার এবং সুলতানা বুলবুল সভায় যোগ দেন। সভায় বিসিআইসির স্কুল ও কলেজগুলোতে শিক্ষক নিয়োগসহ লেখাপড়ার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিল্পসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।সভায় জানানো হয় যে, বর্তমানে দেশে পাঁচ লাখ ৯৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ রয়েছে। শিল্পসচিব দেওয়ান জাকির হোসেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন করপোরেশনের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।