ওজনে জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্য থেকে চিংড়ি ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজনে জালিয়াতির অভিযোগে সমপ্রতি যুক্তরাজ্য থেকে এক কনটেইনার চিংড়ি ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় খুলনায় একটি মামলা হয়েছে।সূত্রমতে, বাগেরহাট সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড রপ্তানি করা চিংড়ির কার্টনের প্যাকিং লেবেল পরিবর্তন করে ওজনে জালিয়াতি করেছে। বিষয়টি যুক্তরাজ্যের একটি বন্দরে ধরা পড়ার পর সম্প্রতি দুই হাজার ২০০ মাস্টার কার্টন চিংড়ি ফেরত পাঠানো হয়। মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তারা প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রপ্তানিকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে।খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম সরদারের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, বাগেরহাট সি ফুড লিমিটেড গত বছরের ২৭ অক্টোবর যুক্তরাজ্যে চিংড়ি রপ্তানির জন্য মৎস্য অধিদপ্তরের মাননিয়ন্ত্রণ দপ্তর থেকে স্বাস্থ্যকরত্ব সনদ (হেলথ সার্টিফিকেট) নেয়। ওই সনদে গলদা চিংড়ির প্যাকেটের নিট ওজন হওয়ার কথা ছিল ৬ গুণ ৭০০ গ্রাম। সে হিসাবে দুই হাজার ২০০ মাস্টার কার্টনের ওজন হওয়ার কথা নয় হাজার ২৪০ কেজি। কিন্তু রপ্তানিকারক প্রতিষ্ঠানটি প্যাকেটের গায়ে ৬ গুণ ৭০০-এর পরিবর্তে ৬ গুণ ৮০০ গ্রাম ওজনের লেবেল সাঁটিয়ে দেয়। এভাবে তারা যুক্তরাজ্যে রপ্তানি করা চিংড়ির ওজন নয় হাজার ২৪০ কেজির পরিবর্তে ১০ হাজার ৫৬০ কেজি দেখায়। এ ছাড়া প্রতিষ্ঠানটি জালিয়াতি করে বর্ধিত ওজনের একটি সনদপত্রও তৈরি করে। এজাহারে আরও উল্লেখ করা হয়, ওজনে কারচুপির বিষয়টি যুক্তরাজ্যের বন্দরে ধরা পড়লে ‘সাফক কোস্টাল পোর্ট হেলথ অথরিটি’ ওই প্রতিষ্ঠানের রপ্তানি করা চিংড়ি দেশে ফেরত পাঠিয়ে দেয়। পরে মংলা বন্দরে ফেরত আসা মাছের কার্টন পরীক্ষা করে মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তারা জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন। কর্মকর্তারা পাঁচটি মাস্টার কার্টন থেকে পাঁচটি ইনার কার্টন (ব্লক) ওজন করে যথাক্রমে ৭১২ গ্রাম, ৭০৮ গ্রাম, ৭০৯ গ্রাম, ৭০৬ গ্রাম ও ৮১৫ গ্রাম দেখতে পান। অথচ প্রতি কার্টনের গায়ে ৮০০ গ্রাম ওজনের লেবেল সাঁটানো ছিল।এ বিষয়ে মো. শহিদুল ইসলাম জানান, ‘এটি পরিষ্কার জালিয়াতি। একই সঙ্গে স্বাস্থ্যকরত্ব সনদ ও ওজনে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। রপ্তানিকারক বাগেরহাট সি ফুড লিমিটেডের বিরুদ্ধে এ ব্যাপারে নগরের খালিশপুর থানায় ১৪ মার্চ মামলা করা হয়েছে। এর আগে যুক্তরাজ্যের আঞ্চলিক কর্তৃপক্ষ ‘ব্রেন্ডা এমসি ররি’ জালিয়াতির এ বিষয়টি বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে জানায়।নগরের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাহাবুদ্দিন আজাদ বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।বাগেরহাট সি ফুড লিমিটেডের নির্বাহী পরিচালক খান হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, ‘একই ক্রেতার একাধিক রপ্তানি আদেশ থাকায় ভুলক্রমে এক কনটেইনারের কার্টনের লেবেল অন্য কনটেইনারের কার্টনে লাগানো হয়।’ তিনি বলেন, কার্টনের লেবেল বৈদেশিক ক্রেতা সরবরাহ করে থাকে। এখানে ওজন জালিয়াতির কোনো সুযোগ নেই।’ খান হাবিবুর রহমান আরও বলেন, ক্রেতারা কোনো অভিযোগ করেননি। তাঁদের সুনাম ক্ষুণ্ন করতে এই মামলা করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের স্বাস্থ্যকরত্ব সনদ জাল করার কথা অস্বীকার করে তিনি বলেন, তাঁরা ওই চিংড়ির পরিবর্তে নতুন চিংড়ি রপ্তানি করেছেন। তিনি আরও বলেন, এ ভুলের কারণে মৎস্য দপ্তর তাদের জরিমানা করেছে।