
ওজনে ভোক্তাকে ঠকালে আগের চেয়েও বেশি জরিমানা গুনতে হবে ব্যবসায়ীকে। সঙ্গে কারাদণ্ডও থাকছে। এমনকি নন–স্ট্যান্ডার্ডস (আদর্শহীন) বাটখারা বানালেও সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রস্তাবিত ‘স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন, ২০১৭’-এর খসড়ায় ওজনে বিভিন্ন ধরনের অনিয়মের জন্য পৃথকভাবে জরিমানা বাড়ানো হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত আইনে ভোক্তার অধিকার সংরক্ষণ করা হয়েছে। যদি কোনো ভোক্তা মনে করেন ওজনে ঠকছেন, তখন তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অভিযোগ করতে পারবেন। এ ছাড়া তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও সাজা দেওয়া যাবে।
এ বিষয়ে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান প্রথম আলোকে বলেন, হরহামেশাই ছোট ও বড় ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছেন। এখন জরিমানা বাড়ানো হচ্ছে, এটা ভালো কথা। কিন্তু এটা ঠিকমতো প্রয়োগ হচ্ছে কি না, সেটাই হলো আসল কথা। সাজা বাড়ালেন কিন্তু প্রয়োগ করলেন না, তাহলে সাজা বাড়িয়ে লাভ কী? এ বিষয়টি সমন্বয় করে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পরামর্শ দেন তিনি।
>আদর্শহীন বাটখারা বানালে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে
গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে প্রস্তাবিত আইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, মানদণ্ডহীন বাটখারা বা পরিমাপক ব্যবহারের শাস্তি ছিল অনূর্ধ্ব ছয় মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৩ হাজার টাকা জরিমানা। খসড়া আইনে সাজার মেয়াদ আগের মতো থাকলেও অর্থদণ্ড করা হয়েছে ২০ হাজার টাকা। প্রস্তাবিত আইনে পরিমাপের জন্য নন-স্ট্যান্ডার্ডস বাটখারা প্রস্তুত করার দায়ে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আগে এই অপরাধের জন্য জরিমানা ছিল ১০ হাজার টাকা। আর সাজা ছিল অনূর্ধ্ব এক বছর।
সরকারের অনুমতিক্রমে সম্পূর্ণ রপ্তানির উদ্দেশ্যে তৈরি বা উৎপাদিত কোনো পরিমাপক ছাড়া অন্য কোনো পরিমাপক উৎপাদন করলে শাস্তি অনূর্ধ্ব এক বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা। আগে জরিমানার পরিমাণ ছিল ৫ হাজার টাকা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূল আইনটি ছিল ১৯৮২ সালে জারি করা অধ্যাদেশ। আদালতের রায় অনুযায়ী এটা হালানাগাদ করা হচ্ছে। এখানে আর্থিক শাস্তি বাড়ানো হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক মান সংস্থাসহ (আইএসও) অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়মকানুন এ আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।