ওজিএসবির বৈজ্ঞানিক সম্মেলন আজ শেষ হচ্ছে
‘নারী স্বাস্থ্যের সুরক্ষা ও অগ্রযাত্রা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের বৈজ্ঞানিক সম্মেলন। বাংলাদেশ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এ সম্মেলনের আয়োজন করেছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মেলনে মায়ের গর্ভে শিশুর জন্মগত ত্রুটি নির্ণয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। দেশি-বিদেশি বরেণ্য প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে মায়ের গর্ভে থাকা শিশুর ডিএনএ টেস্টের মাধ্যমে শতাধিক শিশুর জন্মগত (জেনেটিক) রোগ; যেমন, থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম ইত্যাদি নির্ণয়ের অভিজ্ঞতা উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম কাজল। নবজাতক ও শিশু মৃত্যুহার কমাতে মায়ের গর্ভে শিশুর রোগ নির্ণয় ও সে অনুযায়ী প্রসব পরিকল্পনা জরুরি বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন। আজ সম্মেলনের শেষ দিন। বিজ্ঞপ্তি।