ওজোপাডিকোকে চিঠি পল্লী বিদ্যুতের, গ্রাহকেরা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) তাদের ভৌগোলিক এলাকার মধ্যে থাকা প্রায় ১৫ হাজার বিদ্যুৎ-সংযোগ হস্তান্তর করতে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে (ওজোপাডিকো) চিঠি দিয়েছে। চিঠির সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের একটি নির্দেশনা জুড়ে দেওয়া হয়েছে। তাতে হস্তান্তরের সব প্রক্রিয়া শেষ করতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন ওজোপাডিকোর ওই গ্রাহকেরা। তাঁরা বিদ্যুৎ-সংযোগ হস্তান্তর ঠেকাতে আইনি লড়াইয়ের উদ্যোগ নিয়েছেন।
ওজোপাডিকোর চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সুবক্ত গীনকে ৯ ফেব্রুয়ারি চিঠিটি দিয়েছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. রেজাউল করিম। তার সঙ্গে জুড়ে দেওয়া জ্বালানি মন্ত্রণালয়ের পরিপত্রটিও ৯ ফেব্রুয়ারির।
সবুক্ত গীন গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, পল্লী বিদ্যুতের কাছ থেকে তিনি ১১ ফেব্রুয়ারি চিঠিটি পেয়েছেন। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নির্দেশনা চেয়েছেন। নির্দেশনা পেলে তিনি ব্যবস্থা নেবেন।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি তাদের এলাকাভুক্ত মোট ১৪ হাজার ৮৬৭ গ্রাহকের হিসাব ওজোপাডিকোকে দিয়েছে, যার মধ্যে ১২ হাজার ২৫০ জনই চুয়াডাঙ্গার। এর মধ্যে ৭৫৫ জন সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকার। বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ বলেন, ‘বিদ্যুতের সংযোগ হস্তান্তরের এই সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় ও উচ্চ আদালতে মামলা করব।’
চুয়াডাঙ্গা ওজোপাডিকোর কার্যালয় থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পৌর এলাকাগুলোতে বিদ্যুৎসেবা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অপরদিকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুর ও চুয়াডাঙ্গার গ্রামীণ এলাকার বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের রাষ্ট্রপতির এক আদেশবলে সিটি করপোরেশন ও পৌর এলাকা ছাড়া সব এলাকার বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পল্লী বিদ্যুৎ সমিতি পায়। ওই আদেশের আগে গ্রামীণ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যক্রম ছিল। আদেশের পরও নিয়ম ভেঙে কিছু গ্রামীণ এলাকায় গ্রাহকসেবা চালু করেছে তারা। রাষ্ট্রপতির আদেশটি গেজেট আকারে প্রকাশের পর পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর মধ্যে চিঠি চালাচালি হয়েছে। তবে আজ পর্যন্ত এসব সংযোগ পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তর করেনি ওজোপাডিকো।
এ অবস্থায় ৯ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের (সমন্বয়-২ শাখা) উপসচিব মোহাম্মদ মফিজুর রহমান স্বাক্ষরিত একটি পরিপত্র মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে আসে। এতে মন্ত্রণালয়ের গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত সভার কার্যবিবরণী তুলে ধরা হয়।
পরিপত্রে বলা হয়েছে, সব বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির ভৌগোলিক সীমা নির্দিষ্ট করা আছে। বিদ্যুৎ বিতরণ পদ্ধতিতে বিশৃঙ্খলা এড়াতে নিজস্ব সীমানার মধ্যে তাদের সীমাবদ্ধ থাকা প্রয়োজন। এ জন্য সরকার পাঁচ দফা সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক সংস্থার ভৌগোলিক এলাকায় অন্য সংস্থা বিদ্যুৎ-সংযোগ দিতে পারবে না এবং বিদ্যমান সংযোগগুলো এক মাসের মধ্যে স্থানান্তর করতে হবে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। প্রত্যেক বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিকে যেসব এলাকায় তাদের বিদ্যুৎ সংযোগ রয়েছে, তার একটা মানচিত্র তৈরি করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা ওজোপাডিকোর জবাবের অপেক্ষায় আছেন। তারা সম্মত হলে শিগগিরই ওই গ্রাহকদের পল্লী বিদ্যুতের আওতায় নিয়ে নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে বলেন, কেউ ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ নিলে সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এমন কিছু হলে তাঁর দপ্তরও সেটা আইনিভাবে মোকাবিলা করবে।