ওজোন স্তর রক্ষায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ওজোন স্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল-সম্পর্কিত তথ্যাদি প্রচারের লক্ষ্যে সরকারের পাশাপাশি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ওজোন দিবস-২০১৪ উপলক্ষে আজ সোমবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হবে।

শেখ হাসিনা বলেন, এ বছর আন্তর্জাতিক ওজোন দিবসের প্রতিপাদ্য ‘ওজোন স্তর সুরক্ষা: লক্ষ্যে আমরা অবিচল’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। এটি ওজোন স্তর রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ তিনি বলেন, ক্ষয়িষ্ণু ওজোন স্তর রক্ষায় ১৯৮৭ সালে গৃহীত মন্ট্রিল প্রটোকল পৃথিবীর প্রাণ বায়ুমণ্ডল রক্ষায় এক অনন্য পদক্ষেপ। ওজোন স্তর রক্ষায় গৃহীত কার্যক্রম শুধু ওজোন স্তর রক্ষাই করছে না, বরং বৈশ্বিক উষ্ণতা কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একই সঙ্গে জ্বালানি সাশ্রয় প্রযুক্তি গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।