ওজোপাডিকোর চার কর্মকর্তার বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহ নিয়ে দুর্নীতি ও বিদ্যুতের অসম বণ্টনের অভিযোগে ওজোপাডিকোর চার কর্মকর্তার বিরুদ্ধে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা হয়েছে। চুয়াডাঙ্গা বারের জ্যেষ্ঠ আইনজীবী সেলিমউদ্দিন খান ও মাহাতাব হোসেন বাদী হয়ে গত রোববার বিকেলে মামলাটি করেন। আদালত গতকাল সোমবার আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।মামলার আসামিরা হলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলী এবং ঝিনাইদহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও খুলনার ব্যবস্থাপনা পরিচালক।গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক মো. আশরাফ আলী ওজোপাডিকোর চুয়াডাঙ্গা শাখার নির্বাহী প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলীকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। এদিকে মামলার নথি তলব করে বাদী সেলিমউদ্দিন খান গতকাল একই আদালতে আরও একটি আবেদন করেন।আরজিতে বলা হয়, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী চুয়াডাঙ্গার হিস্যা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না করে চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের অংশ থেকে বিদ্যুৎ নিয়ে ঝিনাইদহে ব্যবহার করেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলীর দুর্নীতি ও অনিয়মের কারণে চুয়াডাঙ্গা জেলাবাসী বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাদের স্বেচ্ছাচারিতার কারণে চুয়াডাঙ্গার বিভিন্ন শিল্পকারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন বহু লোক। অন্যদিকে বিভিন্ন বসতবাড়ি, দোকান ও মার্কেটে দুটি ফিডার থেকে বিদ্যুৎসংযোগ দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অবৈধ এই সংযোগ বিচ্ছিন্ন করলে বিদ্যুৎ সমস্যা অনেকাংশে লাঘব হতে পারে।