ওজোপাডিকোর দ্বিতীয় বেতন-স্কেল অবিলম্বে ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের নেতারা বলেছেন, কোম্পানির দ্বিতীয় বেতন-স্কেল ঘোষণা ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি শ্রমিক-কর্মচারীদের পদোন্নতি না হওয়ায় তাঁদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। অবিলম্বে কোম্পানির দ্বিতীয় বেতন-স্কেল/২০০৯ ঘোষণা ও ২০০৯ সালের জুলাই থেকে তা কার্যকর করতে হবে। গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান। নগরের পাওয়ার হাউস মোড়ে বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, রূপসা শিল্পাঞ্চলসহ ওজোপাডিকোর এলাকা পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা, অবৈধভাবে পল্লী বিদ্যুতে হস্তান্তরিত নওয়াপাড়া শিল্পাঞ্চলকে ওজোপাডিকোর কাছে ফেরত দেওয়া এবং সব ক্যাডারে শ্রমিক-কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা নিতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম।