দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুতের পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) বাড়ছে। ২০১১-১২ অর্থবছরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে (ওজোপাডিকো) পদ্ধতিগত লোকসানের পরিমাণ প্রায় সাড়ে ১১ শতাংশ হলেও চলতি বছরের প্রথম ছয় মাসেই পুরো বছরের পদ্ধতিগত লোকসানের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কারিগরি ত্রুটি দূর করে পরিস্থিতির উন্নয়ন করা না গেলে অর্থবছর শেষে ক্ষতির পরিমাণ ৯৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।ওজোপাডিকো সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে কেনা বিদ্যুতের যে অংশ গ্রাহকের কাছে বিক্রির আওতায় আনা যায় না, সেটাই পদ্ধতিগত লোকসান। সাধারণত পদ্ধতিগত লোকসানের পরিমাণ ৫ থেকে ১০ শতাংশ হলেও মন্ত্রণালয় কয়েক বছর ধরে পদ্ধতিগত লোকসানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১১ শতাংশ। কিন্তু এই লক্ষ্যমাত্রাও রক্ষা করতে পারছে না ওজোপাডিকো।ওজোপাডিকোর উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) রবীন্দ্রনাথ দত্ত প্রথম আলোকে জানান, ২০১১-১২ অর্থবছরে পদ্ধতিগত লোকসান ছিল ১১ দশমিক ৫৮ শতাংশ। টাকার হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রতিমাসে গড়ে চার কোটি ৮৫ লাখ টাকা। সেই হিসাবে গত অর্থবছরে পদ্ধতিগত লোকসান বাবদ ক্ষতি দেখানো হয়েছে ৫৩ কোটি ৯৯ লাখ ৬১ হাজার ৫৫৩ টাকা। আর চলতি (২০১২-১৩) অর্থবছরের প্রথম ছয় মাসে পদ্ধতিগত লোকসান হয়েছে ১১ দশমিক ৭১ শতাংশ, যা আগের অর্থবছর থেকে দশমিক ১৩ শতাংশ বেশি। কারিগরি ত্রুটি দূর করা না গেলে এই ক্ষতি চলতি অর্থবছর শেষে ৯৫ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ওজোপাডিকোর পরিচালক (কারিগরি) গৌরাঙ্গ কুমার পাণ্ডে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বিদ্যুৎ-গ্রাহকের সংখ্যা মোট গ্রাহকের ৪৬ শতাংশ। তাঁদের মাসিক বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ৭৫ ইউনিটের নিচে। এসব গ্রাহককে তিন টাকা ৩৩ পয়সা হারে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ওজোপাডিকোকে তা চার টাকা ৬৬ পয়সা হারে কিনতে হয়। এ কারণে ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। এ ছাড়া ত্রুটিপূর্ণ মিটার, অবৈধ সংযোগ, দীর্ঘ সার্ভিস লাইন ও ট্রান্সফরমারে অতিরিক্ত চাপ থাকায় পদ্ধতিগত লোকসান কিছুটা বেশি হচ্ছে।এদিকে ওজোপাডিকোর একজন সাবেক কর্মকর্তা জানান, পদ্ধতিগত লোকসানের অন্যতম কারণ অবৈধ বিদ্যুৎ-সংযোগ। অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহারের হিসাব স্থানীয় ফিডার ও সেবাকেন্দ্রগুলোয় থাকে না। এ কারণে সেই হিসাবকেও পদ্ধতিগত লোকসান হিসেবে দেখিয়ে থাকে কোম্পানি।ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, পদ্ধতিগত লোকসান কমানোর বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও অনেক সময় তা লক্ষ্যমাত্রার নিচে আনা সম্ভব হচ্ছে না; বিশেষ করে কারিগরি ত্রুটির কারণে পদ্ধতিগত লোকসান একটু বেশি হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদার সঙ্গে সঙ্গে সিস্টেমপদ্ধতিগত লোকসানও বাড়ে। তবে পদ্ধতিগত লোকসান কমানোর বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কারিগরি ত্রুটি দূর করাসহ অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মামলা করা হচ্ছে।