ওজোপাডিকোর বিরুদ্ধে গ্রাহকদের ছয় অভিযোগ
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিরুদ্ধে ভোলার গ্রাহকেরা সুনির্দিষ্ট ছয়টি অভিযোগ তুলেছেন। বারবার বলা সত্ত্বেও গ্রাহকদের অভিযোগ কানে নিচ্ছে না কর্তৃপক্ষ। এসব সমস্যা সমাধানের দাবিতে গ্রাহকেরা চলতি মাসে একাধিকবার বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন।ভোলা পৌরসভার মুসলমানপাড়ার গ্রাহক আবুল কালাম জানান, গত মার্চের বিলে তাঁর মিটারে ইউনিট ছিল ৭৬৪৫। এপ্রিলে ব্যবহারের পর তা দাঁড়ায় ৭৪৪৫। অর্থাৎ ব্যবহূত হয়েছে ২০০ ইউনিট। কিন্তু ওই মাসে বিল করা হয়েছে ৩০০ ইউনিটের। আবুল কালামের মতো অভিযোগ রয়েছে ওই এলাকার অর্ধশতাধিক গ্রাহকের। এলাকার বিল লেখক সঞ্জয় কুমার এ বিষয়ে বলেন, ‘এখানে সঠিক বিল করেছি। ভুল করলে অফিস করেছে।’ভোলা শহরের মৌচাক ফাস্টফুডের ব্যবস্থাপক মনির মোল্লা জানান, প্রতি মাসে তাঁর মিটারে ৫০০ ইউনিট বিদ্যুৎ খরচ হতো। কিন্তু গত এপ্রিলে বিল এসেছে দুই হাজার ইউনিটের। পরে চা-পানি খাইয়ে আবার বিল ঠিক করতে হয়েছে। ভোলা পৌরসভার আমানতপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, তিনি নিয়মিত বিল পরিশোধ করে আসছেন। কিন্তু ৪ এপ্রিল তাঁকে আট হাজার ৪১৮ টাকার একটি বিল ধরিয়ে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ২০০৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের বিল। তিনি বলেন, বিল পরিশোধ না করলে নিয়ম অনুযায়ী তিন মাস পরই সংযোগ বিচ্ছিন্ন করার কথা। চার বছর পর নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এখন ওই ছয় মাসের বিলের কপি পাওয়া যাচ্ছে না।কালীখোলা এলাকার মো. শাজাহান অভিযোগ করেন, সংযোগ নিতে গেলে ওজোপাডিকোর লোকজন তাঁর থেকে ১১ হাজার টাকা দাবি করেছে। কালীবাড়ি রোডের আসলাম গোলদার ও বাপ্তা চরনোয়াবাদের হাসান জানান, গত মাসে তাঁদের সংযোগ নিতে সাড়ে চার হাজার টাকা অতিরিক্ত দিতে হয়েছে। নিয়মানুযায়ী এক কিলোওয়াটের সংযোগ নিতে মাত্র এক হাজার ৩০০ টাকা দিতে হয়। আলিয়া মাদ্রাসা সড়ক এলাকার শামীম ইসলামের অভিযোগ, তাঁদের অ্যানালগ মিটার সচল থাকলেও সেটা অচল দাবি করে তিন হাজার টাকা নিয়ে ডিজিটাল মিটার স্থাপন করেছে ওজোপাডিকোর লোকজন। জিয়া মার্কেটের বাচ্চু মিয়া, কালীবাড়ি রোডের এস এম বাহাউদ্দিনের অভিযোগ, অভিযোগ কেন্দ্রে অভিযাগ দিলে দু-তিন দিন পর লাইন সংস্কার করা হয়। অন্যদিকে কোম্পানির দক্ষ লাইনম্যান থাকা সত্ত্বেও অদক্ষদের পাঠিয়ে লাইন সংস্কার করা হয়; তারা আবার ২০০-৩০০ টাকা দাবি করে। গ্রাহকের অভিযোগ, ভোলায় বিদ্যুতের ঘাটতি না থাকলেও প্রায়ই লোডশেডিং করা হয়। এসব বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী কাওসার আলী হাওলাদার বলেন, ২০০৭ সালে কম্পিউটারে বিল তৈরির আগে যাঁরা বিল পরিশোধ করেননি, সেসব বিল গ্রাহকদের কাছে পাঠাতে বিলম্ব হয়েছে। এ ছাড়া ব্যাংক, কম্পিউটার ও রিডারের ভুলে পরিশোধিত বিল পুনরায় করা হয়ে থাকতে পারে। যারা টাকা দাবি করে, তাদের পুলিশে ধরিয়ে দিতে বলেন তিনি।