ওটিটি নির্ভর ওয়েবপেজ প্ল্যাটফর্ম তদারকিতে নীতিমালা কেন নয় : হাইকোর্ট
ওভার দ্য টপ (ওটিটি) নির্ভর বিভিন্ন ওয়েবপেজ প্ল্যাটফর্ম থেকে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন। ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েবপেজ প্ল্যাটফর্ম তদারকির জন্য নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্যসচিব, সংস্কৃতিসচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েবপেজ প্ল্যাটফর্মের মাধ্যমে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ওই সব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ-তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ গত ১২ জুলাই হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চে রিটটি দাখিল করেন।
রিটের পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েবপেজ প্ল্যাটফর্ম থেকে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট সরাতে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নেটফ্লিক্সের মতো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে রাজস্ব আদায়ের বিষয়ে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়। একই সঙ্গে ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েবপেজ প্ল্যাটফর্ম থেকে দেশে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন বিষয়ে অনুসন্ধান করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া রিটটি নিয়মিত বেঞ্চে দাখিল করতেও বলা হয়।
এর ধারাবাহিকতায় রিট আবেদনকারী গত মাসে রিটটি হাইকোর্টের ওই বেঞ্চে উপস্থাপন করেন, যার ওপর আজ শুনানি হয়। আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।
পরে আইনজীবী তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, আদালতের এর আগের নির্দেশ অনুসারে প্রতিবেদন জমা পড়েনি। বিটিআরসিসহ বিবাদীপক্ষ জানিয়েছে, আদালতের এর আগের আদেশ পায়নি। আদালত চার সপ্তাহ সময় দিয়েছেন। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীর যুক্তি, ওটিটি-নির্ভর বিদেশি ওয়েবপেজ প্ল্যাটফর্মের মধ্যে নেটফ্লিক্স, হইচই, আমাজন ও জি-ফাইভ রয়েছে। বঙ্গ, বিনস, বাংলাফ্লেক্স ও বায়োস্কোপ হচ্ছে দেশীয় ওটিটি-নির্ভর প্ল্যাটফর্ম। এদের মধ্যে শুধু নেটফ্লিক্স ও বিটিআরসির মধ্যে গত বছর ক্যাশ সার্ভিস নামে একটি চুক্তি হয়েছে বলে গণমাধ্যমে এসেছে। এসব প্ল্যাটফর্মে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট আছে। এ ছাড়া এমএক্স প্লেয়ার অ্যাপের মাধ্যমে গ্রাহক ফি না দিয়েই ওই সব ওয়েব সিরিজ দেখার সুযোগ রয়েছে। এতে নৈতিক ও সামাজিক অবক্ষয়ের শঙ্কা রয়েছে। যে কারণে রিটটি করা হয়।