দায়িত্ব পালন নিয়ে দুই চিকিৎসকের মধ্যে দ্বন্দ্বের কারণে মায়ের গর্ভেই এক নবজাতক মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, দুই চিকিৎসকের মধ্যে দ্বন্দ্বের জেরে অস্ত্রোপচারে কয়েক ঘণ্টা দেরি হয়ে যায়। এ কারণে ওই প্রসূতি মৃত সন্তান জন্ম দিয়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রসূতির স্বজনেরা জানান, শাহজাদপুর উপজেলার জামিরতা কলেজপাড়া গ্রামের কোরবান ফকিরের স্ত্রী ফরিদা বেগম রোববার সকাল সাতটা ৩৫ মিনিটের সময় প্রসবব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় জরুরিভিত্তিতে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তখন হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। আটটার দিকে ফরিদার স্বজনেরা স্ত্রীরোগ-বিশেষজ্ঞ (সার্জন) রাশিদা খাতুন ও অবেদনবিদ ইশরাত জাহানকে মুঠোফোনে খবর দেন। খবর পেয়ে রাশিদা বেলা ১১টার দিকে আসার পর ফরিদাকে দ্রুত অস্ত্রোপচারের কক্ষে নেওয়া হয়। কিন্তু ইশরাত জাহান না আসায় তখন অস্ত্রোপচার শুরু করা যায়নি। তিনি আসেন দুপুর সাড়ে ১২টায়।প্রসূতির স্বজনেরা অভিযোগ করেন, দেরিতে আসা নিয়ে রাশিদার সঙ্গে ইশরাতের অস্ত্রোপচার কক্ষেই বাদানুবাদ হয়। প্রায় আধা ঘণ্টা এভাবে চলার পর রাশিদা অস্ত্রোপচার কক্ষ থেকে বের হয়ে অন্য কক্ষে চলে আসেন। দেড় ঘণ্টা পর কর্তব্যরত সেবিকা ও অন্যদের হস্তক্ষেপে দুই চিকিৎসকের মধ্যে দ্বন্দ্ব নিরসন হয়। এরপর তাঁরা অস্ত্রোপচার শুরু করেন। কিন্তু অস্ত্রোপচারের পর ফরিদার সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়।চিকিৎসক রাশিদা খাতুন বলেন, ‘হরতাল থাকলেও খবর পেয়ে দ্রুত হাসপাতালে উপস্থিত হয়েছি। কিন্তু অবেদনবিদ দেরিতে আসায় সিজার করতে বিলম্ব হয়েছে। ফলে ফরিদা বেগমের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।’ইশরাত জাহান জানান, খবর পেয়ে তিনি দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে আসেন। হরতালের কারণে দেরি হওয়ায় রাশিদা খাতুন তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি অন্য কক্ষে গিয়ে সময়ক্ষেপণ করেন। বেলা আড়াইটার দিকে অস্ত্রোপচার করার কারণে শিশুটি মারা গেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আউয়াল জানান, শিশুটি মারা যাওয়ার ঘটনা তদন্ত করার জন্য গতকাল সোমবার তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।