চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠানামার পথ মূল সড়কে রাখার কারণে যান চলাচল বাধাগ্রস্ত হবে বলে মনে করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ জন্য এসব পথ শাখা সড়কে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সমন্বয় সভা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এ সভার আয়োজন করে। সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন উপস্থাপন করেন সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান। সভায় জানানো হয়, এই প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৯৫৭ কোটি ৫৩ লাখ টাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালট্যান্ট (বিআরটিসি) প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে। গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে সাড়ে ১৬ কিলোমিটার। এটির প্রস্থ সাড়ে ১৬ মিটার। নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়ককে সম্প্রসারণ করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে ওয়াসা, লালখান বাজার, টাইগারপাস, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, নিমতলা, সিইপিজেড, সিমেন্ট ক্রসিং ও কাঠগড় মোড়ে ওঠানামার পথ থাকবে। মূল সড়ক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে এসব ওঠানামার পথ।
গতকালের সমন্বয় সভায় বক্তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সার্কিট হাউস, বন্দর ভবন ও পতেঙ্গা সমুদ্রসৈকতমুখী তিনটি ওঠানামার পথ রাখার প্রস্তাব দেন।
সভায় সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার পথগুলো রাখা হয়েছে মূল সড়কেই। এতে সড়ক সংকুচিত হয়ে যাবে। ফলে যান চলাচল বাধাগ্রস্ত হবে। তাই ওঠানামার পথগুলো মূল সড়কে না নামিয়ে পাশের শাখা সড়কের সঙ্গে যুক্ত করা যেতে পারে।
এ সময় সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এই প্রস্তাব বিবেচনায় নেওয়ার জন্য সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামকে বলেন। এ বিষয়ে সিডিএর প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, ওঠানামার পথ নির্মাণ করার পরও মূল সড়কে পর্যাপ্ত জায়গা থাকবে।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এক সময় বলা হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু বিমানবন্দরগামী যাত্রীদের জন্য করা হচ্ছিল। কিন্তু সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে দেখানো হয়েছে, সেখানে সব মোড়ে ওঠানামার পথ রাখা হয়েছে। মূল সড়কে পর্যাপ্ত জায়গা রেখে এসব পথ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সিডিএর প্রকৌশলীরা। তাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আর কোনো বিভ্রান্তি নেই। এটি নির্মিত হলে পুরো চট্টগ্রামবাসী লাভবান হবেন।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম সভায় জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে সভায় উপস্থিত ব্যক্তিদের মতামত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। তিনি বলেন, ‘অনেকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু বিমানবন্দরের যাত্রীদের জন্য। কিন্তু আমরা বলতে চাই, এটি পুরো চট্টগ্রামের জন্য। কেননা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত প্রতিটি মোড়ে ওঠানামার পথ রাখা হবে। জনগণের সুবিধার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে।’
সভায় সাংসদ আফছারুল আমীন, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পর্ষদ সদস্য জাফর আলম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মার্ট সিটি ‘ঊর্মিমালা’র কাজ বন্ধ করার নির্দেশ সাংসদের: গতকালের সভায় সাগরপাড়ের স্মার্ট সিটি ‘ঊর্মিমালা’ প্রকল্পের কাজ বন্ধ রাখার পরামর্শ দেন সাংসদ আফছারুল আমীন। তিনি বলেন, ‘স্মার্ট সিটি ঊর্মিমালা প্রকল্পের ব্যাপারে আমরা স্থানীয় জনপ্রতিনিধিরা কিছুই জানি না। অথচ সেখানে সিডিএর লোকজন কাজ করছে। এই কাজ বন্ধ করে দিতে হবে।’
এই সময় সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, এই আবাসন প্রকল্পটি একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে। এখনো আলাপ-আলোচনার পর্যায়ে আসেনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নেওয়া হবে।