ওড়না দিয়ে পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানীর ভাটারা থানার সোলামাইদ এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার সকালে দুই পা বাঁধা অবস্থায় ফাহিমা বেগম (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ফাহিমাকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর স্বামী জীবন মিয়া পালিয়ে গেছেন।
ভাটারা থানার পুলিশ জানায়, পাঁচ দিন আগে জীবন মিয়া ভাটারা এলাকার সোলামাইদে একটি টিনশেডের ঘর ভাড়া নেন। গতকাল সকালে প্রতিবেশী এক নারী জানালায় উঁকি দিয়ে গৃহবধূ ফাহিমার নিথর দেহ পড়ে থাকতে এবং পাশে তাঁর পাঁচ মাস বয়সী মেয়েশিশুকে কাঁদতে দেখেন। এ সময় তিনি ফোন করে থানায় খবর দেন। সকাল নয়টার দিকে পুলিশ ওই ঘরে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ঘটনার তদন্তকারী ভাটারা থানার এসআই শহীদুল আলম প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, গতকাল ভোরে জীবন ওড়না দিয়ে তাঁর স্ত্রীর পা বেঁধে ঘুমের মধ্যে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে তিনি দরজা খোলা রেখে পালিয়ে যান। তবে প্রতিবেশীরা হত্যাকাণ্ডের সময় কিছু টের পাননি।
পুলিশ জানায়, এ ব্যাপারে ভাটারা থানায় একটি হত্যা মামলা হয়েছে।