ওদের ঈদ শুধুই কষ্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবনধসের কারণে যেসব শ্রমিক নিখোঁজ, আহত ও নিহত হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা রানা প্লাজার কাঁটাতারের বেষ্টনীর সামনে অবস্থান নিয়েছেন। ছবিটি গতকাল তোলা ষ প্রথম আলো
ভবনধসের কারণে যেসব শ্রমিক নিখোঁজ, আহত ও নিহত হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা রানা প্লাজার কাঁটাতারের বেষ্টনীর সামনে অবস্থান নিয়েছেন। ছবিটি গতকাল তোলা ষ প্রথম আলো

পোশাকশ্রমিক নাছিমা আক্তার গত বছর ঈদের বেতন আর বোনাস পেয়ে পুরো টাকাই বাবা আবুল কালাম আজাদের হাতে তুলে দিয়েছিলেন। তিন বছর ধরে পোশাক কারখানায় চাকরি নেওয়ার পর থেকে প্রতি ঈদে এমনই করেছেন নাছিমা। রানা প্লাজা ধসের পর থেকে নিখোঁজ তিনি। তাঁর বাবা চা-বিক্রেতা আবুল কালাম বলেন, ‘মেয়েরেই পাই না, ঈদ আবার কী’।
রানা প্লাজা ধসে নিহত আর নিখোঁজ শ্রমিকদের স্বজনদের ঈদ আনন্দও চাপা পড়েছে রানা প্লাজার ধ্বংসস্তূপে। শারীরিক যন্ত্রণা আর ভয়াবহ সেই স্মৃতি আহত শ্রমিকদের ঈদ আনন্দ ম্লান করে দিয়েছে। কাজ করতে না পারার সঙ্গে যোগ হয়েছে অর্থাভাব। সাভারের শ্রমিক-অধ্যুষিত লোকালয়গুলো ঘুরে শ্রমিকদের স্বজন আর আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন কষ্টের চিত্রই পাওয়া গেছে।
গতকাল বুধবার সাভারের বক্তারপুরে কথা হয় বৃদ্ধ আবুল কালামের সঙ্গে। তিন ছেলেমেয়ে আর স্ত্রী নিয়ে ছিল আবুল কালামের সংসার। তাঁর চা-দোকানের আয় আর মেয়ের কারখানার আয়ে ভালোই চলছিল। ছোট মেয়ে কাজল চতুর্থ শ্রেণীতে আর ছেলে রাসেল প্রথম শ্রেণীতে পড়ে। গত ঈদেও ছোট-ভাইবোনদের জামাকাপড়, মাকে শাড়ি, বাবাকে শার্ট আর লুঙ্গি কেনার টাকা দিয়েছিলেন নাছিমা। কিন্তু এবার মেয়েও নেই, তাই কালামের সংসারে ঈদও নেই।রানা প্লাজার পেছনে মজিদপুর গ্রামের রেণুকা বেগম ছেলের খোঁজে পাগলপ্রায়। তাঁর ছেলে রেজাউল মণ্ডল (২০) ভবনধসে নিখোঁজ। গতকাল তাঁর এক কামরার বাসায় গিয়ে দেখা যায়, চৌকির ওপর ছড়ানো-ছিটানো রয়েছে বিভিন্ন জিনিস। রান্নার হাঁড়ি-পাতিলগুলো এলোমেলো, অনেক দিনই সেগুলোতে রান্না হয় না দেখে বোঝা যায়। রেণুকা বলেন, ঘরে চাল নেই, প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও। প্রতিবেশী আর স্বজনদের দয়ায় বেঁচে আছেন।

প্রতিবেশীরা জানান, রানা প্লাজা ধসের পর থেকে রেণুকা ছেলের জন্য পাগলপ্রায়। প্রতিদিন সকালে ছেলের ছবি হাতে বাসা থেকে বের হন, ফেরেন সন্ধ্যায়। বাড়ির মালিক অথবা প্রতিবেশীরা কিছু দিলে খান আর না দিলে না খেয়েই রাত পার করেন।

ঈদে কী করবেন জিজ্ঞাসা করতেই যন্ত্রের মতো রেণুকা বলা শুরু করেন, গত বছর ঈদুল ফিতরের পাঁচ দিন আগে থেকেই বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু হয়। বড় ছেলে রেজাউলের বেতন আর বোনাসের টাকায় কেনাকাটাও করেছিলেন মা আর ছোট ভাই সোহাগের জন্য। বগুড়ার শেরপুরে গ্রামের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে ঈদও করেছিলেন। এবার তাঁর ছেলে নেই। চোখের পানি মুছতে মুছতে রেণুকা বলেন, ‘কিসের ঈদ, ছইলও (ছেলে) নাই, ঈদও নাই।’

আহত শ্রমিক হাসিনা বেগম এবার ঈদে দুই ছেলে আর মেয়ের জন্য কিছুই কিনতে পারেননি। রানা প্লাজার সাততলার নিউ ওয়েব স্টাইলে কাজ করতেন তিনি। ভবন ধসে মাথা, পা আর কোমরে আঘাত পান। এরপর স্থানীয় একটি ক্লিনিকে ১৩ দিন চিকিৎসা শেষে বাসায় যান। এখনো তিনি ভালো করে ঘাড় নাড়াতে পারেন না। তাই নতুন কোনো কাজও করতে পারছেন না। তিনি জানান, ঘটনার পর তিনি ১১ হাজার টাকা বেতন পেয়েছেন। আর সহায়তা হিসেবে পেয়েছেন ২০ হাজার টাকা। কিন্তু মজিদপুরে ঘরের ভাড়া আর দেনা পরিশোধেই সব টাকা শেষ হয়ে গেছে। তাঁর স্বামী তোতা মিয়া শ্রমিকের কাজ করে যা পান, তাতেই খেয়ে-পরে কোনোরকমে বেঁচে রয়েছে পরিবারটি। গত বছর স্বামী-স্ত্রীর উপার্জনে কেনাকাটা করে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে গিয়েছিলেন। কিন্তু এবারের ঈদ তাঁর কাছে শুধুই কষ্টের।

ইমান্দিপুরের আহত শ্রমিক জিয়াসমিন এখনো সুস্থ হয়ে না উঠলেও একটি প্রতিষ্ঠানে থলে সেলাই করার চাকরি নিতে হয়েছে। কিন্তু ওষুধ কেনা, পুষ্টিকর খাবারের বাড়তি খরচ—সব মিলিয়ে একমাত্র ছেলে আট বছরের ইমন বাবুকে একটি নতুন জামাও কিনে দিতে পারেননি তিনি।

জিয়াসমিন বলেন, দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিয়ের বছর দুয়েকের মধ্যেই ছেলের মা হন। স্বামী আর সন্তান নিয়ে ভালোই ছিলেন। বিয়ের পাঁচ বছরের মাথায়ই মারা যান স্বামী উজ্জ্বল মিয়া। এর পর ছেলে ইমনকে নিয়ে তিনি চলে আসেন সাভারে। ভবনধসের পাঁচ ঘণ্টা পর উদ্ধার হন জিয়াসমিন। শারীরিক যন্ত্রণা রয়েছেই। কিন্তু সবকিছু ছাপিয়ে একমাত্র ছেলেকে ঈদে কিছু দিতে না পারার কষ্টটাই তাঁর কাছে এখন বড় হয়ে উঠেছে।

রিকশা মেরামতকারী লুৎফর রহমান স্ত্রী রীনা বেগমের লাশ পেয়েছিলেন ১৬ দিন পরে। ইমান্দিপুর কবরস্থানেই স্ত্রীকে দাফন করেছেন। এখন তাঁর দুই মেয়ে লতিফা আর আরিফা মাকে ফেলে ঈদে গ্রামের বাড়ি রংপুরে যেতে চাচ্ছে না। তাই তিনি ঈদের পরের দিন বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন।

এনামের ঈদমেলা: এদিকে রানা প্লাজা ধসে নিখোঁজ এবং নিহত ব্যক্তিদের স্বজন আর আহত শ্রমিকদের নিয়ে ঈদের দিন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের পরিচালক রওশন আক্তার চৌধুরী বলেন, স্বজন হারানো আর আহত শ্রমিকদের একটু আনন্দ দিতে ঈদের দিনে তাঁদের আপ্যায়ন আর পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে এনাম হাসপাতালের।

হাসপাতালটির জনসংযোগ বিভাগের পরিচালক জাহিদুর রহমান বলেন, এক হাজারের মতো শ্রমিক ও তাঁদের স্বজনদের নিমন্ত্রণ করেছেন তাঁরা। বিশেষ করে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা যাঁরা কোনো ধরনের সহায়তা পাননি তাঁদের সন্তান ও স্বজনদের এখানে আপ্যায়ন করা হবে। ঈদ উপহার হিসেবে নতুন জামাকাপড় দেওয়া হবে।