ওদের ঈদের আনন্দ শুধু দেখেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের বিপণিবিতানগুলোতে টাঙানো বাহারি সব পোশাক। বিদ্যুতের আলোতে ঝলমল করছে। মা-বাবার সঙ্গে রংবেরঙের জামাকাপড় কিনে বাড়ি ফিরছে শিশুর দল, মন ওদের বেজায় খুশি। শিশুদের এমন খুশির কোলাহলের মধ্যে গত শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের নর্থ সার্কুলার সড়কে দেখা মেলে একদল শিশুর। ওদের অনেকের গায়ে কাপড় নেই। যাদের আছে, সেগুলোও বিবর্ণ ও ছেঁড়া। এদোকান-ওদোকানে ঘোরাঘুরি করছে, আর ঈদের পোশাক দেখছে।
বেলা সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ওই দলের কয়েকটি শিশুর। সে সময় ইয়াসমিন (৮) নামের এক শিশু জানায়, ওরা শহরের হঠাৎপাড়ায় থাকে। সংসারে অনটন থাকায় ঈদে ওদের নতুন জামা জোটে না, তাই শহরের বিপণিবিতানগুলোতে ঘুরেফিরে কাপড় দেখেই ঈদের আনন্দ উপভোগ করে তারা।
ইয়াসমিন বলে, ‘আগের ঈদের সময় এক লোক একটা গেঞ্জি ও প্যান্ট কিনে দিছিল। ওইটা পরেই এবার দোকানে কী কী জামা বাইর হইছে দেখতে আসছি। গেলবার কিরণমালা, পাখি নামের জামাগুলো দেখতে ভালো আছিল। আর এইবার জামার নাম হইছে মস্তানি, বজরঙ্গি, নাসা। একেকটা জামার দাম বলে চার-পাঁচ হাজার টেকা। জানি কিনতে পারুম না। তয় দেখতে তো আর দোষ নাই।’
জেসমিন (৬) নামের এক শিশুর মা আসমা বেগম জানান, শহরের একটা ছোট হোটেলে মসলা পেষার কাজ করেন তিনি। তাঁর স্বামী আরেকটি বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন। জন্মের পর থেকে কোনো ঈদেই জেসমিনের নতুন জামা পরার সৌভাগ্য হয়নি।
সোহেল নামের আরেক শিশু বলে, ‘এইবার ঈদে মায়ের কাছে একটা জামা চাইছি। মা ধমক দিয়ে কইছে, কামাইয়ের টাকা জামা কিনে শেষ করলে খামু কী।’ এ কথা বলেই এদোকান-ওদোকান ঘুরে ফিরে যায় ওরা।
এদিকে ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর কাজ করছে উত্তরের অভিযাত্রী নামের শিক্ষার্থীদের একটি সংগঠন। সেই সংগঠনের পরামর্শক তানভীর হাসান বলেন, ‘সীমিত সংগ্রহ দিয়ে আমরা প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। এরপরও শহরের অনেক শিশু এ সুবিধার বাইরে থেকে যাচ্ছে। সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে ঈদে এসব শিশুর স্বপ্ন পূরণ করা সম্ভব।’