ওদের এখন কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা হামলায় নিহত ট্রাকচালকের সহকারী সাতক্ষীরার আ. রহিমের বাড়িতে চলছে মাতম। ছেলেমেয়েকে বুকে জড়িয়ে তাঁর স্ত্রী মর্জিনা খাতুনের আহাজারি থামছেই না। তাঁর একটাই প্রশ্ন—‘ওদের (ছেলেমেয়ে) এখন কী হবে। কীভাবে বাঁচব।’
গতকাল শনিবার জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে রহিমের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়। গত বৃহস্পতিবার রাতে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে ট্রাকে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
শোকাতুর মর্জিনার জিজ্ঞাসা, ‘আমার স্বামীর কী দোষ? সরকার তো কইছে গাড়ি চালাতে। কাজে যেতে।’ কাঁদতে কাঁদতেই তিনি বলেন, ‘আমি স্বামী হত্যার বিচার চাই।’ এরপর নিজেই বলেন, ‘কিন্তু কে করবে বিচার। গরিবের বিচার হয় না।’
রহিমের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সানজিদ আহম্মেদ স্থানীয় পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর মেয়ে সুমাইয়া ইসমিতা পড়ে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে।
রহিমের ভাই আবদুল মুজিদ জানান, রহিম দিনমজুরের কাজ করতেন। কিন্তু কাজ না থাকায় কয়েক দিন ধরে রহিম অর্থাভাবে বাধ্য হয়েই ট্রাকচালকের সহকারী হিসেবে মঙ্গলবার বিকেলে বগুড়ায় যান। কিন্তু ফেরার পথে পেট্রলবোমা হামলায় তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।