ওদের কোনো স্বজন নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে কোনো পোশাক নেই। ময়লা সাদা এক টুকরা কাপড়ে জড়ানো লিকলিকে শরীরটা। হাসপাতালের বিছানায় উপুড় হয়ে পড়ে আছে ৯-১০ বছরের একটি ছেলে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডের ২১ নম্বর বেডে ৪২ দিন ধরে শুয়ে আছে শিশুটি। গত ৬ জানুয়ারি থেকে অজ্ঞাতনামা হিসেবে চিকিৎসাধীন ওই শিশু। সেদিন থেকে শিশুটির খোঁজও নিতে আসেনি কেউ। এদিকে একই ওয়ার্ডে ভর্তি আছেন অজ্ঞাতনামা এক নারীও। তাঁর বয়স আনুমানিক ৩০। মিরসরাই উপজেলার মাস্তাননগরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ১২ ফেব্রুয়ারি ওই নারীকে সংজ্ঞাহীন অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর খোঁজেও কেউ আসেনি বলে জানালেন চিকিৎসকেরা।হাসপাতালে চিকিৎসক ও ওয়ার্ডবয়দের সঙ্গে কথা বলে জানা গছে, দুজনকেই অজ্ঞান অবস্থায় ভর্তি করানো হয়। ওয়ার্ডের চিকিৎসকদের উদ্যোগেই ওই নারী ও শিশুটির চিকিৎসাসেবা চলছে। চিকিৎসক, ওয়ার্ডবয় ও আয়ারাই এখন তাদের অভিভাবকের ভূমিকা পালন করছেন। ছেলেটার অবস্থার কিছুটা পরিবর্তন হলেও এখনো ওই নারীর জ্ঞান ফেরেনি।ওয়ার্ডে রেজিস্ট্রেশনের তথ্য অনুয়ায়ী, গত ৬ জানুয়ারি নগরের তামাকুমণ্ডি লেন বণিক সমিতির মো. ফাখরুল ইসলাম নামে এক ব্যক্তি সড়কে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে অজ্ঞাতনামা শিশুটিকে জরুরি বিভাগে আনেন। পরে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। আন্যদিকে অজ্ঞাত নারীটিকে মীরসরাই উপজেলার মোস্তাননগর হাসপাতাল থেকে পাঠানো হয়েছে। এর আগে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। নিউরো সার্জারি ওয়ার্ডের মেডিকেল কর্মকর্তা মঈনুদ্দিন জাহিদ প্রথম আলোকে বলেন, শিশু ও নারী দুজনেই মাথায় বড় আঘাত পেয়েছে। ছেলেটির জ্ঞান ফিরলেও কোনো কথা বলতে পারছে না। তখন থেকেই শিশুটির কোনো অভিভাবক কিংবা পরিচিতজন তাকে নিতে বা দেখতে আসেনি। পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হবে—এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।