ওদের খোঁজ কেউ রাখে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছরের রবিন, চার বছরের রূপালী আর ছয় বছরের সৌরভ। ওরা তিন পরিবারের তিন শিশু। ওদের বাবা থেকেও নেই। ওদের মায়েরা রানা প্লাজা ধসে মারা গেছেন। আর সাত মাসের রেহান ভবনধসে বাবা-মা দুজনকেই হারিয়েছে।

রেহানের বাবা-মা ও রবিনের মায়ের মৃতদেহ পাওয়া গেলেও রূপালী আর সৌরভের মা এখনো নিখোঁজের তালিকায়। কিন্তু ওদের বিশ্বাস, মায়েরা কাজে আছেন, কাজ শেষ হলেই বাড়ি আসবেন। তাই মায়ের কথা মনে পড়লেই কান্নাকাটি করে, মাকে খোঁজে। ভবনধসের পর এই চার শিশুকে সমবেদনা জানাতে অনেকে তাদের বাসায় গেলেও এখন আর কেউ খোঁজ রাখেন না।

রবিন রানা প্লাজার ফ্যানটম নামের একটি পোশাক কারখানার শ্রমিক শাহীনার ছেলে। জন্মের আগেই ওর বাবা কুষ্টিয়ার আসানুর রহমান সংসার ছেড়ে উধাও হয়ে যান। ভবনধসের পঞ্চম দিন পর্যন্ত জীবিত ছিলেন শাহীনা। চতুর্থ দিন (২৭ এপ্রিল) তাঁর জীবিত থাকার বিষয়টি জানতে পারেন উদ্ধারকর্মীরা। এরপর শুরু হয় তাঁকে উদ্ধারের অভিযান। টানা ৩০ ঘণ্টা চেষ্টার পর পঞ্চম দিন রাত ১০টার দিকে সুড়ঙ্গে আগুন ধরে মারা যান শাহীনা। মায়ের মৃত্যুর পর রবিনের ঠাঁই হয়েছে খালা জেসমিন আক্তারের কাছে। জেসমিন জানান, ঘুমের ঘোরেও রবিন ‘মা মা’ করে কেঁদে ওঠে। তিনি জানান, শাহিনার মৃত্যুর পর ব্যক্তিগতভাবে কিছু সাহায্য পেলেও সরকারি কোনো সাহায্য তিনি পাননি।

রূপালীর মা শিমু বেগম আর সৌরভের মা শীলা বেগমের বাড়ি মানিকগঞ্জে। দুজনেই কাজ করতেন রানা প্লাজার নিউ ওয়েব বটমে। দুজনেরই স্বামী তাঁদের ছেড়ে চলে গেছেন। শিমুর ছোট বোন রিনা আক্তার বলেন, ভবনধসের পর থেকে তাঁরা হাসপাতাল, ঘটনাস্থল আর অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে অনেক খুঁজেও মৃতদেহ পাননি। কোনো ক্ষতিপূরণও পাননি তাঁরা। অবশেষে গত বুধবার তিনি সাভার মডেল থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, রূপালী রাত-দিন মায়ের জন্য কান্নাকাটি করে। আর মায়ের খোঁজে প্লাজার সামনে যাওয়ার বায়না ধরে। মা আর কোনো দিন ফিরে আসবেন না, এটা সে মানতে নারাজ।

মা নিখোঁজ হওয়ার পর থেকে সৌরভ রয়েছে চাচার কাছে। সে-ও বিশ্বাস করে না, মা আর কোনো দিন ফিরবেন না। সৌরভের খালা শিল্পী জানান, কয়েক বছর আগে তাঁর ভগ্নিপতি স্ত্রীকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন। এর পর থেকে সৌরভ ওর মায়ের কাছেই থাকত। কিন্তু ভবনধসের ঘটনার পর সৌরভের চাচা বাবুল হোসেন শিশুটিকে নিয়ে গিয়ে আটকে রেখেছেন। ক্ষতিপূরণের টাকার জন্যই তাঁরা এ কাজ করেছেন। তবে বাবুল হোসেন বলেন, সৌরভের ইচ্ছাতেই তাকে তাঁদের কাছে রাখা হয়েছে, আটকে রাখা হয়নি।

বাবা-মাকে হারিয়ে অবুঝ শিশু রেহানের ঠাঁই হয়েছে নানি নাজমা বেগমের কাছে। নতুন কোনো মানুষ দেখলেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সে। যেন বাবা-মাকে খোঁজে। রেহানের বাবা মনসুর আলী ও মা রেহানা আক্তার কাজ করতেন রানা প্লাজার চারতলায় ফ্যানটম কারখানায়। ঘটনার দিন রেহানার মৃতদেহ পাওয়া গেলেও মনসুরের মৃতদেহ মেলে নবম দিনে। রেহানের নানি নাজমা বলেন, সাত মাস বয়স হলেও রেহান তার বাবা-মায়ের না থাকার বিষয়টি উপলব্ধি করতে পারে। তিনি জানান, তাঁর মেয়ে ও জামাতার মারা যাওয়ার পর কোনো সহায়তা পাননি।