
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী শামসুদ তামজিদের সাফল্যের সংবাদ শুনে গর্বে-আনন্দে মনটা ভরে যায়। স্থাপত্য বিভাগের এই ছাত্র আমেরিকার স্বনামধন্য নির্মাণপ্রতিষ্ঠান বে-ব্রিজ আয়োজিত স্থাপত্য-নকশা প্রতিযোগিতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি, ডেনিশ আর্কিটেকচার স্কুলসহ বিশ্বের সেরা ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের পেছনে ফেলে বোর্ড মেম্বারদের বিবেচনায় সেরা ডিজাইনার নির্বাচিত হয়েছেন। আরেকটু খোলাসা করা যাক। আমেরিকার ওকল্যান্ড ও সানফ্রান্সিসকো শহরের মধ্যে ইস্পাতের তৈরি একটি সংযোগ সেতু ছিল। সম্প্রতি কর্তৃপক্ষসেতুটি ভেঙে সেখানে আবাসিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ইস্পাত ব্যবহার করে একটি আবাসিক প্রকল্পের স্থাপত্য-নকশা প্রতিযোগিতার আয়োজন করেছিল বে-ব্রিজ। অনলাইনে প্রতিযোগিতায় নকশা জমা দিয়ে এ সাফল্য পেয়েছে তামজিদ।
এসব সাফল্যের খবর দিয়ে যখন আমাদের মুখ উজ্জ্বল করছেন মেধাবী তরুণেরা, তখন স্বভাবতই প্রশ্ন জাগে মনে—আমরা কী করছি, কতটুকু করছি তাঁদের জন্য? এগিয়ে যাওয়ার পথটি কি মসৃণ করছি, নাকি পদে পদে বাধা-বিপত্তি তৈরি করে ধ্বংস করছি তাদের সম্ভাবনা?
তামজিদ যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ৯ নভেম্বর ছিল সেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অবরোধ ও অবরোধ-পরবর্তী যানজটের কারণে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি দুই হাজার ৪৩৯ জন শিক্ষার্থী। হরতাল-অবরোধ-সহিংসতা-অপমৃত্যুর এই দেশে এই খবর হয়তো খুব বেশি আলোড়িত করবে না আমাদের। কেউ নতুন করে জানতে চাইবে নাকত সহজে মুছে গেল এই তরুণদের প্রকৌশলী বা স্থপতি হওয়ার স্বপ্ন!
আগের দিন ৮ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির কয়েকজন প্রথম সারির নেতা। সরকারের এই অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানানোর জন্য পূর্বঘোষিত তিন দিনের হরতালকে চার দিনে নিয়ে গেল বিএনপি। সবই না হয় মেনে নেওয়া গেল । কিন্তু এ কথা কিছুতেই বুঝতে পারি না, অত্যুৎসাহী স্থানীয় নেতা-কর্মীরা হরতালের দুদিন আগেই কেন হাজার হাজার যাত্রীকে এ রকম দুর্ভোগের মুখে ফেললেন? কেন যাত্রীদের করুণ আকুতিতে মন গলল না বিক্ষোভকারীদের? যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁরা একসময় মন্ত্রী-সাংসদ ছিলেন, ভবিষ্যতে হয়তো আবার হবেন, কিন্তু যে ছাত্রদের শিক্ষাজীবন বিপন্ন হলো, যে মা-বাবার চোখ থেকে মুছে গেল স্বপ্ন, তাঁদের সান্ত্বনা কী? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য কজন অভিভাবকের আছে?
শুক্রবার বিকেলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে রওনা হয়েছিলেন এই শিক্ষার্থীরা। অনেকের সঙ্গে ছিলেন তাঁদের অভিভাবক। অবরোধ ও সহিংসতার মধ্যে পথেই দুঃসহ রাত কাটিয়েছেন তাঁরা। চোখের সামনে দেখেছেন ভস্মীভূত যানবাহন, শুনেছেন গোলাগুলির শব্দ। এতকিছুর পরও যাত্রা থামাননি তাঁরা, কী অদম্য মনোবল! কিন্তু কিছুতেই কিছু হলো না। অবরোধ-পরবর্তী যানজটের কারণে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পারেননি পরীক্ষাকেন্দ্রে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের পর আরও দেড় ঘণ্টা পর্যন্ত হলে ঢুকতে দিয়েছে পরীক্ষার্থীদের। দেরিতে কেন্দ্রে ঢোকা শিক্ষার্থীর সংখ্যাও প্রায় এক হাজার ৫০০ জনের মতো। তাঁরা দেরিতে ঢুকেছেন বটে, দেরিতে খাতা জমা দেওয়ার সুযোগ পাননি। তাহলে কি দাঁড়াল? যাঁরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারেননি, সেই দুই হাজার ৪৩৯ জনের সঙ্গে যাঁরা দেড় ঘণ্টা কম লিখতে পারলেন, তাঁদের (এক হাজার ৫০০) ভাগ্যের কি খুব হেরফের হবে?
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইন অনুযায়ী অভিযুক্ত করা যায় না নিশ্চয়। কিন্তু এ রকম একটি পরিস্থিতিতে তারা কি পারত না আরেকটু সহানুভূতিশীল হতে?
ভর্তি-ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করেছেন, কান্নায় ভেঙে পড়েছেন অনেকে, অভিভাবকেরা কেউ কেউ শিক্ষকদের হাত ধরে অনুনয়-বিনয় করেছেন, কেঁদে ফেলেছেন। বিশ্ববিদ্যালয় আইনের সীমাবদ্ধতা আমরা জানি না, শুধু মনে হয়, কী এমন হতো যদি দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া হতো পুরো পরীক্ষা-প্রক্রিয়া?
কেউ পরীক্ষা দিতে পারেননি, কেউ সময় পেয়েছেন অর্ধেক...। ওরা আমাদের সন্তান, আমাদেরই সামনে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ওদের ভবিষ্যৎ। তামজিদের মতো সাফল্যের সংবাদ হয়তো এনে দিতে পারতেন তাঁদেরই কেউ কেউ। সেই সুযোগটা আমরা করে দিতে পারলাম না। হায়, আমরা কত অসহায়!