
রোহিঙ্গাদের কারও মুখে হাসি নেই। তবে দেশ ছেড়ে আসা রোহিঙ্গা হিন্দুদের মনটা গতকাল বৃহস্পতিবার একটু বেশি খারাপ ছিল। গতকাল ছিল কালীপূজা। এ দেশের হিন্দুদের কেউ কেউ এই পূজাকে বলেন শ্যামাপূজা। রোহিঙ্গা হিন্দুদের অনেকেই পূজা করতে না পারার মানসিক কষ্টের কথা বললেন।
কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে উখিয়া উপজেলা সদর পার হওয়ার পর একের পর এক রোহিঙ্গা ক্যাম্প চোখে পড়ে। কুতুপালং পৌঁছানোর আগে হাতের ডানে একটু ফাঁকা জায়গায় রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের একটি সাইনবোর্ড। তাতে শরণার্থী শব্দটা ব্যবহার করা হয়েছে। বড় রাস্তা থেকে ক্যাম্পটি চোখে পড়ে না।
গতকাল বিকেলে ওই ক্যাম্পে ঢুকতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরা নাম-পরিচয় জানতে চান। একটি মোটা খাতায় বিস্তারিত লেখার পর যাওয়ার অনুমতি মেলে। গত আট দিনে অন্য ক্যাম্পগুলোতে যাওয়ার সময় এটা করতে হয়নি।
দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবক জানালেন, এই ক্যাম্পে ৯০ পরিবার স্থান পেয়েছে। মোট এখানে আছে ৫৭০ জন। এরা এসেছে প্রায় দুই মাস। রোহিঙ্গা মুসলমানরা যেমন নির্যাতনের কথা বলে, এরাও একই বর্ণনা দিল।
>রোহিঙ্গা হিন্দুদের কাছে কোনো প্রদীপ নেই, নেই প্রদীপ জ্বালানোর জায়গা। সর্বোপরি নেই মন
শিবুরিন শীল মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু এলাকার চিকনছড়ি এলাকার বাসিন্দা ছিলেন। শিবুরিন বললেন, তাঁদের মন্দির ছিল। সেখানে ঘটা করে কালীপূজা করতেন। মিয়ানমারের সেনাবাহিনী গ্রাম জ্বালিয়ে দিলেও মন্দির ভাঙেনি বলে তিনি জানতে পেরেছেন।
এ দেশের বাঙালি হিন্দু নারীদের মতোই এদের পোশাক, হাতে শাঁখা, কপালে সিঁদুর। পার্থক্য শুধু ভাষার। তবে কক্সবাজারের আঞ্চলিক ভাষার সঙ্গে পার্থক্য সামান্যই। বিশু বালাসহ চার নারী গল্প করছিলেন। বিশু বলেন, মঙ্গলকামনায় এই পূজা করা হয়। এবার আর হলো না। আর হবে কি না জানেন না। ১০ ছেলেমেয়ে আর স্বামী নিয়ে ১২ জনের উদ্বাস্তু জীবন বিশু বালার।
তবে অন্যরা বললেন, মা কালীর পূজা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সন্ধ্যার সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে প্রদীপ প্রজ্বালনও গুরুত্বপূর্ণ। সেটাই আসলে উৎসব। সেটাই দীপাবলি। কিন্তু এই রোহিঙ্গা হিন্দুদের কাছে কোনো প্রদীপ নেই, নেই প্রদীপ জ্বালানোর জায়গা। সর্বোপরি নেই মন।
এই ক্যাম্পে ছয় দিন ধরে কোনো ত্রাণ দেওয়া হয় না বলে প্রায় সবাই জানালেন। এখানে ইউনাইটেড শিখস নামের একটি বেসরকারি সংস্থা দুই বেলা রান্না করে এদের খেতে দেয়। গতকাল সকালে দিয়েছিল ডাল আর সবজি। সন্ধ্যায় আয়োজন চলছিল রান্নার। রাতেও হবে ডাল আর সবজি। তারা বলে, রান্না খাবারের চেয়ে কষ্ট করে রেশন তোলা ভালো।