
কারও মা গেছে। কারও গেছে বাবা। অনেকের মা-বাবা বেঁচে থাকলেও হারিয়েছেন কর্মক্ষমতা। রানা প্লাজা ধস এমন হতভাগা নারী-পুরুষের শত শিশুর জীবন বিপন্ন করে দিয়েছে। এক বছর আগেও যেসব শিশু ছিল বিদ্যালয়ের ছাত্র, এখন তারা কোথায় আছে কেউ বলতে পারছেন না।
ধসে পড়া রানা প্লাজায় নিহত-আহত ব্যক্তিদের সন্তান ও নির্ভরশীল কয়েক শ শিশু সাভারের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করত। ভবনধসের এক বছর পর এমন শিশুদের অন্তত অর্ধেকই বিদ্যালয় ছেড়ে চলে গেছে।
সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিক চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাভার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ৩৯ জন শিশু বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করত। গত মঙ্গল ও বুধবার সরেজমিন ঘুরে এই তিন বিদ্যালয়ে সাকল্যে ১৭ জনের হদিস পাওয়া গেছে। এই তিন বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, যেসব ছাত্রের বাবা কিংবা মা রানা প্লাজা ধসে মারা গেছেন, তাঁদের সন্তানদের বেশির ভাগই স্কুল ছেড়ে চলে গেছে। কেউ যাওয়ার সময় জানিয়েছে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। বোন বা ভাই রানা প্লাজা ধসে মারা গেছেন, এমন শিক্ষার্থীদের কেউ কেউ রয়ে গেছে।
মা-বাবা কিংবা নির্ভরশীল লোকজন রানা প্লাজায় কর্মরত এমন অন্তত সাতটি শিশু সাভারের বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। এখন মাত্র দুজন বিদ্যালয়ে যায়।
নার্গিস আক্তার রানা প্লাজায় কাজ নিয়েই দুই মেয়ে নাসরীন আক্তার ও নাজনীন আক্তারকে সঙ্গে নিয়ে আসেন। মেয়ে নাসরীন আক্তারকে ভর্তি করা হয় বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্বামী আজিজুর রহমানও ছিলেন পরিবারের সঙ্গী। রানা প্লাজা ধসে এর ছন্দপতন হয়, নার্গিস চলে যান না-ফেরার দেশে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, মাস দুয়েক আগে নাসরীনের বাবা সন্তানদের নিয়ে ময়মনসিংহে চলে গেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেহার আফরোজ চৌধুরী বলেন, নাসরীন চতুর্থ শ্রেণীতে পড়ত। ভবনধসের সময় প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। দুটি পরীক্ষার পর আর দিতে পারেনি। পরে পরীক্ষার ফি বিদ্যালয় কর্তৃপক্ষ ফেরত দেয়। নাসরীন এর পরও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এখন আর বিদ্যালয়ে আসছে না।
নাসরীনদের পরিবার যে বাসায় ভাড়া থাকত ওই বাসার মালিক নাজমা বেগম বলেন, সরকার থেকে কিছু ক্ষতিপূরণ পেয়ে নাসরীনের বাবা দুই মেয়েকে নিয়ে ময়মনসিংহে চলে গেছেন।
ফোন নম্বর জোগাড় করে নাসরীনের বাবা আজিজুরকে জিজ্ঞেস করলে তিনি বলেন, নাসরীনকে গ্রামের স্কুলে ভর্তি করা হয়েছে। নাজনীন এখনো ছোট। পরিবারের সবার সম্মতিতে তিনি আবার বিয়ে করেছেন।
সাভার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতজনের মধ্যে এখনো আছে মিরাজুল ইসলাম। পড়ে দ্বিতীয় শ্রেণীতে। মিরাজুলের বাবা শামীম রানা প্লাজার নিউওয়েব বটমে কাজ করতেন। ভবনধসে শামীম নিখোঁজ। তাঁর স্ত্রী রুবিনা জানান, তাঁর দুই সন্তান মিরাজুল ও সিহাদ। শামীম নিখোঁজ হওয়ার পর এক এনজিওতে চার হাজার টাকা বেতনে তিনি একটি চাকরি পেয়েছেন। এদের কতটুকু মানুষ করতে পারবেন এ বিষয়ে সন্দিহান রুবিনা।
সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ জন শিক্ষার্থী পড়ত। এর মধ্যে এখন মাত্র নয়জন আছে। একজন প্রাথমিক শেষ করে কোথায় গেছে কেউ বলতে পারছে না। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সোমা মনি দাস। সে জানায়, তার মা ববিতা মনি দাস রানা প্লাজা ধসে মারা যান। সে ও তার ছোট বোন সুমি দাস এই বিদ্যালয়ে পড়াশোনা করছে। বাবা ভ্যান চালিয়ে তাদের পড়ার খরচ চালাচ্ছেন।
রেহেনা আখতার সাভার বাজার রোডে থাকতেন স্বামী জসিম উদ্দিনকে নিয়ে। রানা প্লাজা ধসে রেহেনা মারা যান। তাঁর দুই সন্তান ঝুনু ও জান্নাত
সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, রেহেনা মারা যাওয়ার পর স্বামী আবার বিয়ে করেছেন। সরকার থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থ খরচ করছেন দেদার। বাচ্চাগুলো স্কুলে নিয়মিত নয়।
একইভাবে মানিক চন্দ্র প্রাথমিক বিদ্যালয়েও ১৬ জন পড়ত। এখন আছে মাত্র ছয়জন।
প্রতিবন্ধী মিঠুর ভবিষ্যৎ কী? রুখসানা বেগম কাজ করতেন নিউওয়েব বটম লিমিটেডে। ভবনধসের নবম দিনে রুখসানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রুখসানার দুই শিশুপুত্র মিঠু মোল্লা (১২) ও মিরন মোল্লার (১০) জীবন আজ বিপন্ন। মিঠু শারীরিক প্রতিবন্ধী। মিঠু ক্লাস সিক্সে এবং মিরন চতুর্থ শ্রেণীতে পড়ত। বাবা মামুন মোল্লা বেঁচে থাকলেও ক্ষতিপূরণের টাকা নিয়ে আবার বিয়ে করেছেন। মিঠু ও মিরন এখন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় নানি আনোয়ারা বেগমের সঙ্গে আছে।
১৩ এপ্রিল রুখসানার দুই সন্তানের পক্ষ থেকে সাভার উপজেলা নির্বাহী পরিচালকের কাছে একটি আবেদন করা হয়। ওই আবেদনে বলা হয়, রুখসানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুই দফায় তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এই টাকা নিয়ে মামুন মোল্লা সটকে পড়েছেন। এখন প্রতিবন্ধী মিঠুসহ দুই শিশুর শিক্ষা তো দূরে থাক ভরণপোষণই দায় হয়ে দাঁড়িয়েছে দরিদ্র নানির পক্ষে।
এ বিষয়ে জানতে রুখসানার স্বামী মামুন মোল্লাকে ফোন করলে তিনি বলেন, ‘বাচ্চাদের স্কুলে ভর্তি করেছিলাম। ওর নানি নিয়ে গেছে। এ জন্য পড়তে পারছে না।’ টাকা নিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, ক্ষতিপূরণের টাকায় ব্যবসা করছেন ও বাচ্চাদের ভরণপোষণ চালাচ্ছেন।
শাশুড়ি ও মেয়ের জামাইয়ের মধ্যে টানাটানিতে মিঠু ও মিরনের জীবনই তছনছ হওয়ার পথে।