ওদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত দুই দিনের আনন্দ মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। সমাপনী দিনে শিশুদের সংগীত, আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতা মুগ্ধ করে সবাইকে।
‘লিখতে পড়তে শিখতে চাই, আনন্দময় শৈশব চাই’—এই শিরোনামে দুই দিনের এই শিশু আনন্দ মেলা, সাংস্কৃতিক উৎসব ও প্রদর্শনী বসেছিল নগরের অশ্বিনী কুমার হলে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতা। সেখানে তুলির আঁচড়ে বাংলাদেশকে তুলে ধরে এসব শিশু।
প্রতিযোগিতায় মনোযোগ দিয়ে ছবি আঁকছিল নগরের সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বুশরা। শ্রবণেন্দ্রিয় ভালোভাবে কাজ করছে না তার। দুই কানে বসানো হয়েছে অধিক ক্ষমতাসম্পন্ন বিকল্প শ্রবণযন্ত্র। আকার-ইঙ্গিতে বুঝে নেয় সব। কিন্তু কোনো কিছুতেই হার মানেনি সে। প্রতিযোগিতায় টিকেই ভর্তি হয় সরকারি বালিকা বিদ্যালয়ে। বুশরার মতো আরও অনেক শিশু প্রতিযোগিতায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে।
গতকাল ‘ডিজিটাল বাংলাদেশ ও বর্তমান প্রজন্ম’ শীর্ষক সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। আলোচনা করেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনায়েত হোসেন, ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ প্রমুখ।