ওদের বাবা-মা থেকেও নেই
—নাম কী তোমার? —তানিয়া। (পাশের শিশুটিকে দেখিয়ে) ও আমার ভাই রাজিব।—থানায় এলে কীভাবে? —বাসস্ট্যান্ডে এক লোক কুড়াইয়া পাইয়া রাইখ্যা গেছে। —বাগেরহাটে কীভাবে এসেছ?—দাদি জামাইরে (ফুফা) দিয়া এতিমখানায় রাখার জন্য পাঠাইছেলে। হেয় (সে) ফালাইয়া গেছে। বাগেরহাট আদালতে বসে বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদকের কাছে নিজেদের সম্পর্কে বলছিল শিশু তানিয়া (১০)। আর রাজিব এখনো গুছিয়ে কথা বলতে পারে না। বোনটি চোখের আড়াল হলেই ডুকরে কেঁদে উঠছে সে। বোনটিই যে এখন তার একমাত্র ভরসা!তানিয়া জানায়, তাদের বাড়ি পিরোজপুর জেলার নামাজপুর গ্রামে। সে স্থানীয় সিমলাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বাবা কবির খাঁ ঢাকায় নৈশপ্রহরীর কাজ করেন আর মা শারমিন বেগম বুয়ার কাজ করেন। ঢাকায় মা-বাবার ঠিকানা জানে না সে। রাজিব ছাড়া তার আর কোনো ভাইবোন নেই। তানিয়ার বর্ণনানুযায়ী, এক বছর আগে কবির খাঁ দ্বিতীয় বিয়ে করেন। সেই বউ নিয়েই তিনি ঢাকায় থাকেন। তারও আগে মা শারমিন আরেকজনকে বিয়ে করে ঢাকায় চলে যান। তাদের খোঁজখবর মা-বাবা নেন না। দুই ভাইবোন গ্রামে দাদি আনোয়ারা বেগমের কাছে থাকত। সম্প্রতি দাদি গ্রামের বাড়ি বিক্রি করে সেই টাকা ছোট ছেলে মহসীন খাঁকে বিদেশে পাঠাতে ব্যয় করেন। এরপর তাদের নিয়ে তিনি পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়ের বাড়িতে ওঠেন। তাদের এতিমখানায় ভর্তি করাতে গত বুধবার ভোরে ফুফার সঙ্গে বাগেরহাটে পাঠান দাদি। কিন্তু ফুফা বাগেরহাট বাসস্ট্যান্ডের কাছে তাদের ফেলে চলে যান। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বুধবার সকালে এক ব্যক্তি শিশু দুটিকে বাসস্ট্যান্ডে বসে কাঁদতে দেখে থানায় রেখে যান। শিশুদের বাড়ির ঠিকানায় খোঁজ নিতে তিনি পিরোজপুর থানার ওসিকে অনুরোধ করেন। পিরোজপুরের ওসি খোঁজ না নিয়েই শিশু দুটিকে আদালতে পাঠাতে বলেন। বাধ্য হয়ে তাঁরা বৃহস্পতিবার শিশু দুটিকে আদালতে সোপর্দ করেন। আদালত তাদের ‘নিরাপদ হেফাজতে’ নিয়ে বাগেরহাটে অবস্থিত খুলনা বিভাগীয় নারী ও শিশুদের জন্য আবাসন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। শিশুদের সেখানে রেখে আসা হয়েছে।