
কেউ দূষিত বুড়িগঙ্গাকে ঘিরে উন্নয়ন প্রকল্প বানিয়েছে। কারও ভাবনায় ভবিষ্যৎ ঢাকার যানজট সমস্যার সমাধান। আবার কয়েকজন মিলে বানিয়েছে ভূমিকম্প সহনশীল বাড়ির নকশা। আছে আলু, পানি, যানবাহনের গতি নানান কিছু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প।
গতকাল শুক্রবার থেকে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে শুরু হওয়া বিজ্ঞান ও বইমেলায় প্রদর্শিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা গেল, ভবিষ্যৎ প্রজন্ম ঢাকা নগরকে নিয়ে বেশ চিন্তিত। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বানানো এসব প্রকল্পে উঠে এসেছে ঢাকার বিভিন্ন সমস্যার সমাধানের ধারণা।
শুধু বিজ্ঞান মেলা নয়, তিন দিনের জন্য আয়োজিত প্রদর্শনীতে থাকছে বইমেলা, চারু ও কারুশিল্প প্রদর্শনী, সেমিনার, অলিম্পিয়াড ও আলোকচিত্র প্রদর্শনী। ‘বিজ্ঞান ও বই পাঠে আর পিছিয়ে নয়, আমরা বিশ্ব করব জয়’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত মেলা চলবে আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত।
গতকাল সকালে মনিপুর উচ্চবিদ্যালয়ের মূল বালিকা শাখায় মেলার উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ কামাল আহমেদ মজুমদার, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট। অনেক সময় রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস পাওয়া যায় না। ভিকারুননিসা নূন স্কুলের অষ্টম শ্রেণির রনিতা কর, ঋতু রায় ও রুবাইয়া মোবাশ্বিরার পরিবেশবান্ধব সোলার ওভেন দিয়ে রান্না করা যাবে গ্যাস, বিদ্যুৎ ছাড়াই।
মেলায় বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা এক কক্ষ থেকে অন্য কক্ষে গিয়ে প্রকল্প ঘুরে ঘুরে দেখছে। আগ্রহভরে প্রশ্ন করছে, পছন্দ হলে প্রকল্পের সামনে রাখা খাতায় মন্তব্য লিখছে। প্রকল্প উপস্থাপনকারীরাও নিজেদের প্রকল্পের খুঁটিনাটি তুলে ধরছিল।
বাবার সঙ্গে এসেছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহবুব সোহান। সোহান বলল, ‘মেলায় অনেক কিছু দেখেছি। বইমেলা থেকে বই কিনেছি। ঘুরে ভালো লাগছে। আমিও আগামীবার মেলায় দেখানোর জন্য কিছু বানাব।’
বিজ্ঞান মেলায় মোট ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শিত হচ্ছে ১৩৬টি প্রকল্প। প্রকল্পগুলো রসায়ন, পদার্থ, সমন্বিত বিজ্ঞান বিভাগে ভাগ করা হয়েছে। বিজ্ঞান ও বইমেলা বালিকা শাখায় আয়োজিত হলেও চারু ও কারুশিল্প প্রদর্শনী, অলিম্পিয়াড ও আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে বিদ্যালয়ের বালক শাখায়। বইমেলায় স্বনামধন্য প্রায় ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
একসঙ্গে এত কিছু আয়োজনের বিষয়ে মনিপুর উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য অনেকগুলো বিষয় একসঙ্গে আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ যেমন বাড়বে, বৈচিত্র্য থাকায় শিক্ষার্থীরা বেশি উৎসাহিত হবে।
বর্ণিল পরিবেশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মুখর পদচারণ, অভিনব ও চমৎকার সব প্রকল্প প্রদর্শনী—সব মিলিয়ে যেন প্রাণের উচ্ছ্বাস মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে।