ওদের স্বপ্নপূরণে 'প্রয়াস'

হাসিখুশি মুখের প্রিয়তা। বয়স ১২ বছর। কপালে ছোট একটি টিপ। ঘরের এক পাশে বসে আছে টেবিলে। কিন্তু হঠাৎ চিত্কার দিয়ে উঠল সে। কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। শিক্ষক তার মাথায় হাত বুলিয়ে দিলেন, আদর করলেন। পরক্ষণেই থেমে গেল তার কান্না ও চিত্কার।
নয় বছরের শিশু তাওহীদ। কাউকে দেখামাত্র হাত উঁচিয়ে সালাম দেয়। করমর্দনের জন্য বাড়িয়ে দেয় হাত। সেই সঙ্গে অন্য শিশু-কিশোরদের সঙ্গে সে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে। এ কাজটি করতে পেরে সে খুবই আনন্দ পায়।

সম্প্রতি রংপুরের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রয়াস’-এ গিয়ে এ দৃশ্য দেখা যায়। প্রিয়তা ও তাওহীদের মতো ৩৫ জন প্রতিবন্ধী শিশু-কিশোর রয়েছে এই প্রতিষ্ঠানে।
এম এ এইচ সাদিক (৭) ও আবদুল্লাহ আল মুকিত (৬)—দুজনেরই ওপেন হার্ট সার্জারি হয়েছে। দুজনই অটিস্টিক (বিশেষ চাহিদাসম্পন্ন)। প্রতিবন্ধী মহতাসিম দিহান (৭) ও আফরা সাইয়ারা দিয়ানা (৫) সম্পর্কে ভাইবোন। তাদের দেখা গেছে পরস্পরের সঙ্গে খুনসুটিতে মেতে থাকতে। প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে ‘বিশেষ শিশু বিশেষ অধিকার’ স্লোগান নিয়ে সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়ে আসছে প্রয়াস। নগরের কেরানীহাট এলাকার আদর্শ গ্রামে এটি অবস্থিত।
প্রতিবন্ধী এসব শিশুর সেবাযত্নে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষক ও কর্মচারীরা। এখানে সাতজন শিক্ষক ও সাতজন কর্মচারী রয়েছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বিশেষায়িত এ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সাবেক সেনাপ্রধান জেনারেল এম মুস্তাফিজুর রহমানের (বীর বিক্রম) পরিবার ৯১ দশমিক ৫ শতাংশ জমি দান করে। ওই জমির ওপরই নির্মিত হয় একটি একতলা ভবন। সেখানেই চলছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম।
প্রথমে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ছোট পরিসরে ২০১২ সালের ২৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তখন এর উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সাবেক জিওসি মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী। শুরুতে অধ্যক্ষ ছিলেন কর্নেল রশিদুল ইসলাম খান। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি এটি আদর্শ গ্রামে স্থানান্তর করা হয়। সাতজন বিশেষ শিশু নিয়ে ‘প্রয়াস’ যাত্রা শুরু করেছিল। বর্তমানে ৩৫ জন ছাত্রছাত্রী রয়েছে এখানে। তাদের একাডেমিক, শারীরিক ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে।

সপ্তাহে দুদিন প্রতিবন্ধী শিশুদের ফিজিওথেরাপি দেওয়া হয়। প্রতিদিন তাদের চলাফেরা লক্ষ করা হয়। অনেককে সেলাই শেখানো হয়। নানা ধরনের খেলার ব্যবস্থাও রয়েছে। সাঁতারও শেখানো হচ্ছে। সাঁতারের মাধ্যমে ধীরে ধীরে তাদের চলাফেরা ও কথা বলায় পরিবর্তন আসে বলে শিক্ষকেরা মনে করেন।
প্রতিবন্ধী শিশু-কিশোরদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত, তাদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান, প্রতিবন্ধীদের উন্নয়ন ও সার্বিক কল্যাণে উদ্যোগ গ্রহণ করাই এ প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শিক্ষক শামীমা জামান বলেন, ‘শিশুদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি তাদের সঙ্গে মিশে যাই। সন্তানের মতো আদর করে লালন-পালন করি। প্রতিদিন তাদের চলাফেরা লক্ষ করি। এটা অনেকটা ধৈর্যের ব্যাপার। আমি আশা করি, আস্তে আস্তে তারা অনেকটা উন্নতির দিকে এগিয়ে যাবে।’
বর্তমান অধ্যক্ষ লে. কর্নেল আবদুল মোক্তাদের বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হলো ‘প্রয়াস’। এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে তিন-চারজন শিক্ষার্থী সাধারণ স্কুলে পড়াশোনার উপযোগী হয়েছে।
তিনি সবার সাহায্য, সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ চাহিদার শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।