ওদের ১১ জনের শহীদ মিনার
সাত দিন আগে থেকে শহীদ মিনার গড়ার পরিকল্পনা করে ওরা। এই কদিন নিজেদের মধ্যে বারবার আলোচনা করেছে, নিয়েছে প্রস্তুতি। গতকাল শনিবার সকাল থেকে ওরা শহীদ মিনার গড়ার কাজে লেগে পড়ে।
শহীদ মিনার তৈরির মাঝখানে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত বিরতি। কারণ এ সময়ে স্কুলে যেতে হয় ওদের। স্কুল থেকে ফিরেই আবার কাজে লেগে পড়ে ওরা। গতকাল সন্ধ্যার আগেই কচি হাতের মমতায় গড়ে ওঠে স্মৃতির শহীদ মিনার।
সংখ্যায় ওরা ১১ জন। সবার বাড়ি পাবনার বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লায়। কেউ পড়ে দ্বিতীয় শ্রেণিতে, কেউ তৃতীয়, কেউ বা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণিতে। কাদামাটি আর পাটখড়ি দিয়ে শহীদ মিনার গড়েছে ওরা। মিনার সাজানোর জন্য স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে কিনেছে রঙিন কাগজ।
ওরা বলে, স্কুলের শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে জেনেছে ওরা। ভাষার জন্য জীবন উৎসর্গের কথা শুনে ওরা অনুপ্রাণিত হয়েছে। এ কারণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার বানিয়েছে ওরা।
শহীদ মিনার গড়ার কাজে অংশ নেওয়া দুই বোন নীলা ও শীলা বলে, ‘টিফিনের পয়সা বাঁচিয়ে শহীদ মিনারের রঙিন কাগজ কিনিছি। গাঙের পাড়ে যায়া মাটি আনিছি। আমাগরে শহীদ মিনার দেখার জন্য কাল অনেক বন্ধু আসবে। ওরা সবাই শহীদ মিনারে ফুল দিবে।’
শহীদ মিনার তৈরি হচ্ছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অন্তিদের বাড়িতে। অন্তির ফুফু স্কুলশিক্ষক শিখা রাহা বলেন, ‘শিশুরা যেভাবে পরম মমতায় শহীদ মিনারটি গড়ে তুলেছে তা দেখে আমরা বড়রা অভিভূত।’