ওপর-নিচে যানজট কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও উড়ালসড়কের ওপরে ও নিচে যানজট আরও বেড়েছে। নিচে খিলগাঁও রেলগেট থেকে শাহজাহানপুর পর্যন্ত দুই পাশের সড়কে রিকশা-অটোরিকশা আর লেগুনার দীর্ঘ জট থাকছে সকাল-বিকেল-সন্ধ্যায়। ওপরে উড়ালসড়কের বিভিন্ন প্রান্তমুখ আটকে থাকছে যানজটে।
প্রায় এক বছর আগে গত বছরের আগস্টে ওই এলাকায় যে যানজট দেখা গিয়েছিল, গতকাল রোববার সকালে গিয়ে দেখা গেল, অবস্থা আরও খারাপ হয়েছে। এর মধ্যে দুই মাস আগে খিলগাঁও উড়ালসড়কের আরও দুটি লুপ চালু হয়েছে। এলাকার বাসিন্দা ও দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে যাঁরা এই পথে অফিসে যাতায়াত করেন, তাঁদের যানজটে পড়তেই হয়।
একদিকে খিলগাঁও, শাহজাহানপুর, বাসাবো, মুগদাপাড়া থেকে সায়েদাবাদ; অন্যদিকে মালিবাগ বাজার পর্যন্ত যানজট দূর করতে খিলগাঁও উড়ালসড়ক নির্মাণ করা হয় ২০০৫ সালে। ওই বছরের ২৩ মার্চ খিলগাঁও উড়ালসড়ক চালু হয়।
খিলগাঁও, শাহজাহানপুর ছাড়াও পূর্বাঞ্চলীয় এলাকা বাসাবো, কদমতলা, মায়াকানন, আহম্মদবাগসহ আশপাশের কয়েক লাখ বাসিন্দার আশা ছিল, এই উড়ালসড়কে তাঁরা স্থায়ীভাবে উপকৃত হবেন। কিন্তু প্রতিদিন যানবাহন ও হাজারো রিকশার জট এলাকাবাসীর সেই আশা পূরণে বাদ সাধছে।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উড়ালসড়কের শাহজাহানপুর প্রান্তে দেখা গেল সব ধরনের যানবাহনের সারি। একটু একটু করে এগোচ্ছে। আবার থেমে পড়ছে। এগিয়ে দেখা গেল, শাহজাহানপুর চৌরাস্তা ছাড়িয়ে রাজারবাগ পুলিশ লাইনস পানির পাম্প পর্যন্ত; অন্যদিকে খিলগাঁও রেলগেট পর্যন্ত সড়কে যানবাহনের প্রচণ্ড জটলা। দিলকুশায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সুলতান আহমদ বিষোদ্গার করছিলেন এই অসহনীয় যানজট নিয়ে। তিনি বলেন, মালিবাগ রেলগেট এলাকা থেকে আসার জন্য তাঁদের এই পথ ছাড়া বর্তমানে আর ভালো বিকল্প নেই। কারণ, মৌচাক উড়ালসড়ক নির্মাণকাজের কারণে ওই পথে আসা কঠিন। খিলগাঁও পথেও এখন একই অবস্থা। সকাল আটটায় বেরিয়েও লাভ হচ্ছে না।
অপর এক অফিসযাত্রী ক্ষোভের সঙ্গে তাঁর পাশের ভুক্তভোগীকে বলেন, রিকশার জন্যই সবচেয়ে বেশি যানজট হচ্ছে। পরীক্ষা করে দেখেন, বেশির ভাগ রিকশার নম্বর দুনম্বরি।
উড়ালসড়কের পূর্ব দিকে সুখী ফার্নিচারের সামনের সড়কজুড়ে শত শত রিকশা। সঙ্গে লেগুনা। পশ্চিম প্রান্তে ইউনুস ফার্নিচারের সামনে একই চিত্র। উড়ালসড়কের ওপর দাঁড়িয়ে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ঢাকা শহরের আর উন্নতি অইল না।’
ওই এলাকার ম্যাট্রেসের এক দোকানি অপর দোকানিকে বলেন, ‘দ্যাখেন, গত রাতের (শনিবার) বৃষ্টির পানি এখন পর্যন্ত রইয়া গেছে। কপাল ভালো, আইজ বৃষ্টি হয় নাই। পানির মধ্যে যানজট; কাস্টমার আসনের উপায় থাকে না।’
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক প্রথম আলোকে বলেন, অফিসে যাওয়া-আসার সময়েই বেশি যানজট পড়ে। এটা কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখানে জলাবদ্ধতা যাতে না হয়, তার জন্য ড্রেনেজ লাইন করা হচ্ছে।