ওপরে নির্মাণ নিচে পরীক্ষা!
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের একটি ভবনে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র। ওই ভবনে গতকাল বৃহস্পতিবার একসঙ্গে নির্মাণকাজ ও পরীক্ষা চলে। এতে হাতুড়ি পেটানোর শব্দে পরীক্ষার্থীদের সমস্যা হয়। অভিভাবকদের অভিযোগ, গতকাল সকালে পরীক্ষা শুরুর আগে তাঁরা নির্মাণকাজ বন্ধ করে দেন। কিন্তু পরীক্ষা শুরুর পর অধ্যক্ষ পুনরায় শ্রমিকদের কাজ শুরু করার নির্দেশ দেন। একাধিক অভিভাবক বৃহস্পতিবার জানান, দীর্ঘদিন ধরে এ কলেজের তিনতলা ভবনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দেয়। এ বছর পরীক্ষা শুরুর পর কর্তৃপক্ষ কলেজের চারতলার নির্মাণকাজ শুরু করে। কলেজের প্রবেশপথ থেকে শুরু করে তিনতলার ছাদ পর্যন্ত সিমেন্ট ও বালুর বস্তার স্তূপ রাখা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত নির্মাণশ্রমিক কলেজ ভবনের ছাদে কাজ করেন। কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।