ওপরে নয়নাভিরাম নিচে জঞ্জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানের লেকে ভাসছে ময়লা–আবর্জনা। দূষিত পানিতে নষ্ট হচ্ছে উদ্যানের পরিবেশ l ছবি: প্রথম আলো
সোহরাওয়ার্দী উদ্যানের লেকে ভাসছে ময়লা–আবর্জনা। দূষিত পানিতে নষ্ট হচ্ছে উদ্যানের পরিবেশ l ছবি: প্রথম আলো

সবুজ কচি পাতায় ভরে আছে গাছের ডালপালা। ঝলমল করছে রোদে। মাঝে মাঝে মৌসুমি ফুলের গুচ্ছ। থেকে থেকে বয়ে যাওয়া চৈত্রের দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যায় সেই ফুলপাতা। বাতাসে ভেসে আসে মৃদু সৌরভ। ওপরের দিকের দৃশ্যটি চোখ জুড়ানো। বৈপরীত্য নিচে। আবর্জনা জঞ্জালে ভরা। বিশ্রী পরিবেশ। সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থাটি এখন এমন।
গতকাল সোমবার উদ্যানে গিয়ে দেখা গেল, সারা উদ্যান ঝরাপাতা আর আবর্জনায় ভাগাড়ের মতো অবস্থা। বিশেষ করে স্বাধীনতা স্তম্ভ থেকে উদ্যানের পূর্ব পাশের সবটুকু এলাকার সঙ্গে ভাগাড়ের কোনো পার্থক্য নেই। চৈত্রের দমকা হাওয়ায় ঝরে পড়া পাতা ও ডালপালার সঙ্গে মিশে আছে হাজার হাজার খাবারের প্যাকেট, চিপস-চানাচুরের পলিপ্যাক, আইসক্রিমের প্লাস্টিকের বাটি, ডাবের খোল, কলার কাঁদি, পলিথিনের প্যাকেট, কাগজের ঠোঙা, ছেঁড়া স্যান্ডেল, ন্যাকড়া, বাঁশ-কাঠের টুকরো, ছেঁড়া-ভাঙা ফেস্টুন, আর অসংখ্য অগণন কাগজের টুকরো। এদিকটায় এখনো গাছের কাণ্ডে, শাখায় পেরেক দিয়ে আটকানো একটি রাজনৈতিক দলের নেতাদের ছবিসংবলিত অনেক ডিজিটাল প্রিন্টের ফেস্টুন শোভা পাচ্ছে। দমকা হাওয়ায় তারই কিছু কিছু মাঝে মাঝে খসে পড়েছে গাছতলায়।

পশ্চিম দিকের অংশের অবস্থাও প্রায় একই। ঝরাপাতা, কাগজের টুকরো, চিপস ইত্যাদির প্যাকেট ছত্রখান হয়ে আছে। এদিকটায় খাবারের প্যাকেট আর ছেঁড়া-ভাঙা ব্যানার ফেস্টুনের পরিমাণ কম। তবে এ দিকটায় বহাল তবিয়তে আছে ফুচকা-চটপটির দোকানের সারি, চায়ের দোকান, বাদাম, চা-সিগারেট, ঝালমুড়ির ভ্রাম্যমাণ বিক্রেতাদের পসরা আর ভবঘুরেদের বসবাস। উত্তর দিকের ছবির হাট-সংলগ্ন গেটটি বন্ধ। সেখান থেকে শিখা চিরন্তনের দিকে যাওয়া পথটির দুই পাশ দিয়ে ছড়িয়ে আছে আবর্জনা। দক্ষিণের অংশে ঘাস নেই। স্বাধীনতা স্তম্ভের চারপাশ ঘিরে যে কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে, তার পানি শেওলা-ময়লায় পচে গেছে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর হানাদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ১৯৯৮ সালের ২৯ জুন। ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প’ নামের এই প্রকল্পে দুই ধাপে মোট ২৬২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ২০১৪ সালের ৩০ জুন নির্মাণকাজ শেষ হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে গণপূর্ত অধিদপ্তরের একটি বিশেষ সেল। এর ১৫০ ফুট উচ্চতা ও ১৬ বাই ১৬ বর্গফুট আয়তনের কাচের স্তম্ভটির নকশা করেন মেসার্স আরবানা নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম। মূল স্তম্ভ ছাড়াও এই প্রকল্পে শিখা চিরন্তন এবং একটি ভূগর্ভস্থ জাদুঘর তৈরি করা হয়েছে। জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে গত বছরের ২৬ মার্চ। এখন এটি রক্ষণাবেক্ষণ করছে গণপূর্ত বিভাগের নগর বিভাগ।

উদ্যানের দেখভালের দায়িত্বে রয়েছেন গণপূর্ত বিভাগের নগর বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান। উদ্যানের অপরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে তিনি জানালেন, তাঁদের লোকবল মাত্র ছয়জন। চৈত্রে গাছের পাতা ঝরছে, ফলে এ সময় আবর্জনা একটু বেশি থাকে। তবে অন্যান্য আবর্জনা বেশি হচ্ছে উদ্যানে বিভিন্ন সংগঠনের সভা-সমাবেশের কারণে। প্রায়ই এখানে সভা-সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আয়োজকেরা আবর্জনা পরিষ্কার করেন না। গত শনিবার বিএনপির কাউন্সিল হয়েছে। কাউন্সিলে অংশগ্রহণকারীদের যে খাবার দেওয়া হয়েছে, তার প্যাকেট পড়ে আছে পূর্ব পাশে। মঙ্গলবার (আজ) থেকে মাঠ পরিষ্কারের কাজ শুরু হবে। তিনি বলেন, মাঠের প্রবেশপথগুলো এখন বন্ধ থাকায় যানবাহন প্রবেশ করতে পারে না। পকেট গেট দিয়ে শুধু লোকজন যাতায়াত করতে পারেন। তবে দক্ষিণ দিকে রমনা কালীমন্দিরের বড় গেটটি সব সময়ই খোলা থাকে। সেই পথ দিয়েই ফুচকা-চটপটি এসবের দোকান উদ্যানের ভেতরে চলে আসে। মাঠ আবর্জনামুক্ত রাখার জন্য তাঁরা অনেকগুলো ময়লা ফেলার পাত্র বসিয়েছেন। কিন্তু মানুষ সেখানে আবর্জনা না ফেলে মাঠের যত্রতত্র ফেলেন। মানুষ সচেতন না হলে এত বড় মাঠ পরিচ্ছন্ন রাখা কঠিন বলে তিনি মন্তব্য করেন।