ওপরে ফাঁকা নিচে জটলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান উড়ালসড়কের এক পাশ শুক্রবার বিকেলে খুলে দেওয়া হয়। উড়ালসড়কে গতকাল খুব কমই গাড়ি উঠেছে। নিচে বিভিন্ন মোড়ে গাড়ির জটলা ছিল। ছবিটি গতকাল বেলা সাড়ে তিনটায় নগরের জিইসি মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান উড়ালসড়কের এক পাশ শুক্রবার বিকেলে খুলে দেওয়া হয়। উড়ালসড়কে গতকাল খুব কমই গাড়ি উঠেছে। নিচে বিভিন্ন মোড়ে গাড়ির জটলা ছিল। ছবিটি গতকাল বেলা সাড়ে তিনটায় নগরের জিইসি মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো

নির্মাণকাজ পুরোপুরি শেষ করার আগেই শুক্রবার বিকেলে ঘটা করে উড়ালসড়কের এক পাশ খুলে দেয় বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই পিছু হটল সিডিএ। এখন সংস্থাটি বলছে, উড়ালসড়কের খুলে দেওয়া এক পাশে প্রতিদিন ১২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। এদিকে উড়ালসড়কে গাড়ি না উঠলেও নিচের রাস্তায় ঠিকই গাড়ির জট হচ্ছে।

এভাবে উড়ালসড়ক খুলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না বলে মনে করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ ওমর ইমাম। তিনি প্রথম আলোকে বলেন, লোক দেখানোর জন্য উড়ালসড়কের এক পাশ খুলে দেওয়া হয়েছে। এভাবে এক পাশ খুলে দেওয়ায় উড়ালসড়কটি কোনো কাজে আসবে না। এক প্রান্ত দিয়ে গাড়ি উঠে অন্য প্রান্তে নামলে দুই প্রান্তেই যানজট বাড়বে। তাঁর মতে, নগরের ২ নম্বর গেটে র‍্যাম্প, লুপ (ওঠানামার পথ) নির্মাণের পর উড়ালসড়কটি খুলে দিলে এখনকার চেয়ে অন্তত ২০ শতাংশ বেশি সুফল পাওয়া যেত।

দিনের বেলা উড়ালসড়কের এক পাশ খোলা থাকলেও ভারী যানবাহন (কাভার্ড ভ্যান, লরি, বড় ট্রাক ও বড় বাস) চলতে পারবে না। এ জন্য গতকাল শনিবার সকাল থেকেই উড়ালসড়কের দুই প্রান্তে লোহার পাত দিয়ে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। প্রতিদিন রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত উড়ালসড়কের খুলে দেওয়া অংশে গাড়ি চলবে না।

গতকাল বেলা সোয়া তিনটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত ৩০ মিনিট উড়ালসড়কের মুরাদপুর প্রান্তে অবস্থান করে দেখা যায়, উড়ালসড়ক দিয়ে বিভিন্ন ধরনের ৩৯৪টি গাড়ি পার হয়েছে। অর্থাৎ প্রতি মিনিটে গড়ে ১৩টি গাড়ি চলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫২টি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করেছে। এরপর ছিল ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) ১০২টি, মোটরসাইকেল ৬৩টি, মাইক্রোবাস ৫১টি, মিনি ট্রাক ২৬টি। এ ছাড়া কয়েকটি ভ্যান ও সাইকেলও চলতে দেখা যায়।

তবে উড়ালসড়কে যানবাহন কম চললেও নিচের রাস্তায় গাড়ির জট ছিল। অন্যান্য দিনের মতো গতকালও মুরাদপুর মোড়, ২ নম্বর গেট, জিইসি মোড় এলাকায় যানজট দেখা যায়। উড়ালসড়কের নিচের রাস্তায় যাত্রীবাহী বাস, টেম্পো, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, পিকআপ ভ্যানের চাপ ছিল।

বাসচালক আনোয়ার আলী বলেন, উড়ালসড়কে বাস উঠতে দেওয়া হচ্ছে না। ফলে তাঁদের কোনো লাভ হয়নি। অবশ্য মো. আবদুল খালেক নামের এক অটোরিকশাচালক বলেন, তিনি নগরের ফ্রি পোর্ট থেকে যাত্রী নিয়ে বহদ্দারহাটে এসেছেন। এর মধ্যে লালখান বাজার থেকে বহদ্দারহাটে আসতে তাঁর সময় লেগেছে মাত্র ১০ মিনিট। আগে তাঁকে লালখান বাজার থেকে ওয়াসা মোড়, জিইসি মোড়, ২ নম্বর গেট ও মুরাদপুর মোড় হয়ে বহদ্দারহাট যেতে ২০ থেকে ৩০ মিনিট লাগত।

সিডিএ সূত্র জানায়, র‍্যাম্প, লুপসহ উড়ালসড়কের মোট দৈর্ঘ্য ৬ দশমিক ৮ কিলোমিটার। এর মধ্যে মূল অংশের দৈর্ঘ্য (মুরাদপুর থেকে লালখান বাজার) ৩ দশমিক ৭ কিলোমিটার। পুরো প্রকল্পে ব্যয় হচ্ছে ৬৯৬ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকা। নগরের জিইসি মোড়ে চারটি র‍্যাম্প এবং ২ নম্বর গেটে র‍্যাম্প ও লুপ নির্মাণ করা হবে।

এদিকে উড়ালসড়কের কারণে লালখান বাজার থেকে ওয়াসা মোড়গামী সড়কের প্রশস্ততা কমে গেছে। এতে একসঙ্গে দুটি গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।

তবে উড়ালসড়কের প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, লালখান বাজারের অংশে সড়কের প্রশস্ততা ১৭ ফুট থেকে ২৪ ফুটে উন্নীত করা হয়েছে। বৈদ্যুতিক খুঁটির জন্য তা ব্যবহার করা যাচ্ছে না। কিছুদিনের মধ্যে খুঁটি অপসারণ করা হবে। তখন আর সমস্যা হবে না।

সিডিএর প্রকৌশল বিভাগ সূত্র জানায়, উড়ালসড়কের দুই পাশে কার্পেটিং (পিচ ঢালাই) করা এবং ‘এক্সপানশন জয়েন্ট’ (উড়ালসড়কের কয়েক জায়গায় সড়কের সমান্তরালে কংক্রিটের সংযোগস্থলগুলো মোড়ানো হয় ইস্পাতের পাত দিয়ে। একে ‘এক্সপানশন জয়েন্ট’ বলা হচ্ছে) স্থাপনের কাজ বাকি আছে।

প্রকল্প পরিচালক বলেন, উড়ালসড়কে ১৮৬টি এক্সপানশন জয়েন্টের মধ্যে ৪০টি স্থাপন করা হয়েছে। এখন ভারী গাড়ি চলাচল করলে উড়ালসড়কটির ক্ষতি হবে। তাই প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। এক্সপানশন জয়েন্ট স্থাপন, কার্পেটিংসহ আনুষঙ্গিক কাজ শেষে মূল উড়ালসড়ক খুলে দিতে আরও এক মাস সময় লাগবে।

উড়ালসড়কের লালখান বাজার প্রান্তে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী রওশন মোহাম্মদ খাঁ প্রথম আলোকে বলেন, প্রথম দিনের তুলনায় গতকাল উড়ালসড়ক দিয়ে চলাচল করা গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে।