ওপরে সেতু মানুষ চলে নিচ দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগনালের ওপর নির্মিত পদচারী সেতুটি ব্যবহার না করে লোকজন ঝুঁকি নিয়ে এর নিচ দিয়ে চলাচল করে l ছবি: প্রথম আলো
ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগনালের ওপর নির্মিত পদচারী সেতুটি ব্যবহার না করে লোকজন ঝুঁকি নিয়ে এর নিচ দিয়ে চলাচল করে l ছবি: প্রথম আলো

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় দুই বছর আগে একটি পদচারী সেতু নির্মাণ করা হয়। পথচারীদের নিরাপদে রেললাইন পারাপার নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ সেতুটি নির্মাণ করলেও এটির ব্যবহার হয় না বললেই চলে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ও রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের শুরুর দিকে রেলওয়ের ‘ব্রিজ ইঞ্জিনিয়ারিং’ বিভাগ পদচারী সেতুটির নির্মাণকাজ শুরু করে। পরের বছরের শুরুর দিকে এটি পথচারীদের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পদচারী সেতুটির একদিকে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন ও অপর পাশে শহরের প্রাণকেন্দ্র হিসাবে খ্যাত গাঙ্গিনারপার। সকাল থেকে রাত পর্যন্ত শহরের নাটকঘর লেন, পুরোহিত পাড়া, চর পাড়া এলাকার লোকজন হেঁটে ওই পথ দিয়ে চলাচল করেন। কিন্তু কেউই পদচারী সেতুটি ব্যবহার করেন না।
২৪ আগস্ট সকাল নয়টা থেকে সোয়া ১০টা এবং বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেতুতে অবস্থান নিয়ে দেখা যায়, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা বয়সী নারী-পুরুষ ওই এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছেন। কিন্তু পথচারীদের কেউই সেতুতে উঠছেন না। তাঁরা রেললাইন হেঁটেই পার হচ্ছেন। বেলা ১১টা ৪০ মিনিটে দেখা যায়, জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন ময়মনসিংহ স্টেশনের দিকে যাওয়ার সময়ও পথচারীরা সেতু ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রেললাইন দিয়েই পার হচ্ছেন।
সেতু ব্যবহার না করার কারণ জানতে চাইলে নাফিছা নামের এক গৃহবধূ বলেন, ‘সিঁড়ি ভেঙে সেতুর ওপর দিয়ে রেললাইন পার হতে কষ্ট হয়। এই লাইন নিয়ে এত বেশি ট্রেন চলাচল করে না।’
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট হরি গোপাল সেন বলেন, ‘সেতুর ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব না। সেতুতে কোনো ত্রুটি দেখা দিলে বা বাতি নষ্ট হলে আমরা সংশ্লিষ্ট বিভাগে রিপোর্ট করে থাকি।’