ওপারে উদ্ধার হওয়া বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অহেদপুর ভারতীয় সীমানা থেকে গত সোমবার উদ্ধার হওয়া শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ঘুঘুপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইসমাইল (১৯) নামের এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) লাশটি ফেরত দেয় বিএসএফ। বিজিবি শিবগঞ্জ থানা-পুলিশের হাতে লাশ হস্তান্তর করেছে।
শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান বলেন, ভারতের চাঁদনীচক ক্যাম্পের বিএসএফ ও বাংলাদেশের অহেদপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ইসমাইলের লাশ ফেরত দেওয়া হয়।
নিহত ইসমাইলের চাচাতো ভাই সোহেল জানান, ইসমাইল একজন গরুর রাখাল। তিনি কয়েকজনের সঙ্গে গত রোববার রাতে গরু আনতে ভারতে যান। তখন বিএসএফের হাতে তিনি ধরা পড়েন। ইসমাইলের সঙ্গে ভারতে গিয়ে পরে পালিয়ে আসা এক যুবকের কাছ থেকে এ খবর পাওয়া গেছে। তবে কীভাবে ইসমাইল মারা গেছেন, তা জানা যায়নি।
গত সোমবার সকাল ১০টার দিকে অহেদপুর সীমান্তের ভারতীয় অংশের ৬০০ গজ ভেতরে ইসমাইলের লাশ পাওয়া যায়।