ওপিসিডব্লিউর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ
রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থার (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তরাষ্ট্রীয় সংস্থাটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর ইউএনবির।
হেগ থেকে গতকাল শুক্রবার ঢাকায় এক বার্তায় এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়, হেগে গত ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে রাসায়নিক অস্ত্রবিষয়ক চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর পাঁচ দিনব্যাপী সম্মেলন।
সম্মেলনের ২০তম অধিবেশনে ২ ডিসেম্বর বাংলাদেশকে সর্বসম্মতভাবে আগামী ২০১৬-১৮ মেয়াদের জন্য ওপিসিডব্লিউর নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। পরিষদে দায়িত্ব পালন করতে যে চারটি দেশকে নির্বাচিত করা হয়, বাংলাদেশ তাদের একটি। তারা ২০১৬-১৮ মেয়াদে এশীয় গ্রুপে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশকে নির্বাচিত করার এ বিষয়টিকে বিশ্বশান্তিতে বাংলাদেশের অবদানের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে বলে ওই বার্তায় জানানো হয়েছে।