ওপিসিডব্লিউর নির্বাহী পর্ষদের সভাপতি বাংলাদেশ
আগামী এক বছররে জন্য নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) নির্বাহী পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। গতকাল শুক্রবার সকালে সংস্থার সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চিলি, স্লোভাকিয়া, স্পেন ও সুদানের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এ দায়িত্বভার গ্রহণ করেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওপিসিডব্লিউতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শেখ মুহম্মদ বেলাল।
গত ৯ মার্চ ওপিসিডব্লিউর নির্বাহী পর্ষদের ৮৪ তম অধিবেশনে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল পর্ষদের সভাপতি পদে সর্বসম্মতিক্রমে ২০১৭-১৮ মেয়াদের জন্য নির্বাচিত হন। এই প্রথমবার বাংলাদেশ ওপিসিডব্লিউর মতো একটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে নির্বাচিত হলো।
রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল তাঁর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্বকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি হিসেবে রাষ্ট্রদূত মুহম্মদ বেলাল সংস্থাটির পরবর্তী মহাপরিচালক নির্বাচন অনুষ্ঠান, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পর্ষদের সঙ্গে যৌথ অনুসন্ধানমূলক কর্মকাণ্ড সমন্বয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ওপিসিডব্লিউর নির্বাহী পর্ষদের সভাপতির পদে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা এবং আন্তর্জাতিকভাবে অস্ত্র নিরস্ত্রীকরণ এবং তার বিস্তার প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকারকে বিশ্ব দরবারে দৃঢ়ভাবে উপস্থাপন করবে। ওপিসিডব্লিউর মতো একটি সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের অধিষ্ঠান নিশ্চিতভাবেই বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবে। বিজ্ঞপ্তি