ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি এবং ঘুষ গ্রহণ করাসহ নানা অভিযোগ করা হয়েছে৷ গতকাল বুধবার ওই থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যক্তিরা৷
তাঁরা বলেন, পুলিশ এখন আর জনগণের বন্ধুনেই৷ তারা এতটাই অমানবিক হয়ে গেছে যে হজের পাসপোর্টের তথ্যের সত্যতা যাচাই (ভেরিফিকেশন) করতে গিয়েও ঘুষ নেয়৷ পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে উল্টো হয়রািনর শিকার হতে হয়৷ মিথ্যা মামলায় ফাঁসানো হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে জেলা পুলিশ সুপার (এসপি) বশির আহম্মদ সাধারণ মানুষের এসব অভিযোগ শোনেন৷
অনুষ্ঠানে ইব্রাহিম আলী জেম বলেন, তাঁর বিরুদ্ধে তিনটি মামলা দিয়ে পুলিশ হয়রানি করেছে৷ বিনা অপরাধে তিনি তিন দিন জেলও খেটেছেন৷ আর তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা অশালীন ভাষায় গালিগালাজ করেন৷ পুলিশের বিরুদ্ধে কোনো কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে৷ এখানে (অনুষ্ঠানে) কথা বলার জন্যও তাঁকে খেসারত দিতে হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন৷
পৌর এলাকার হরিপুর মহল্লার গোলাম রাব্বানী বলেন, ‘কিছুদিন আগে আমার বাবার হজের পাসপোর্টের ভেরিফিকেশনের যান সদর থানার একজন এসআই৷ তিনি ৫০০ টাকা ঘুষ দাবি করেন এবং ওই ঘুষের টাকা না দিলে পাসপোর্ট হবে না বলে হুমকি দেন৷ পরে তাঁকে ৫০০ টাকা ঘুষ দেওয়া হয়৷’ পোল্লাডাঙ্গা মহল্লার বাসিন্দা সাংবাদিক শহীদুল হুদা অলক বলেন, শুধু হজের পাসপোর্ট নয়, যাঁরা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করছেন, তাঁদের কাছ থেকেও পুলিশ ঘুষ নিচ্ছে৷
সদর থানার ওসি জসিম উদ্দীন এসব অভিযোগ শুনে বলেন, এর আগে কেউ তাঁর কাছে এমন অভিযোগ নিয়ে আসেননি৷ লিখিত বা মৌখিক অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
এসপি বশির আহম্মদ বলেন, এমন অভিযোগ পুলিশের জন্য লজ্জাজনক৷ অভিযোগ খতিয়ে দেখতে তিনি এএসপি ও সদর থানার ওসিকে তাৎক্ষণিক নির্দেশ দেন৷ এসপি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমীন, পৌর মেয়র আবদুল মতিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুরুল হোদা প্রমুখ৷