ওপেন হার্ট সার্জারি ছাড়া হৃৎপিণ্ডে ভালভ স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেন হার্ট হার্জারি বা হৃদ্‌যন্ত্র না কেটে ৮৫ বছর বয়সী এক রোগীর হৃৎপিণ্ডে কৃত্রিম ভালভ লাগানো হয়েছে। দেশে এই ধরনের অস্ত্রোপচার এটাই প্রথম।

নতুন এই অস্ত্রোপচার নিয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনাইটেড হাসপাতালের কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বেসরকারি এ হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট এন এ এম মোমেনুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রে বয়স্ক মানুষের হৃদ্‌যন্ত্রের ভালভের কার্যকারিতা কমে যায়। ভালভ নড়াচড়া করার প্রয়োজনীয় নমনিয়তা থাকে না। এ ক্ষেত্রে কৃত্রিম ভালভ সংযোজন করা স্বীকৃত পদ্ধতি। হৃদ্‌যন্ত্র কেটে উন্মুক্ত করে ভালভ লাগানো হয়। কিন্তু খুব বেশি বয়সী রোগী অস্ত্রোপচারের ধকল সহ্য করতে পারেন না। তাঁদের জন্য ‘ট্রান্সক্যাথেটার এওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট’ (রক্তনালির ভেতর দিয়ে ভালভ প্রতিস্থাপন) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এটাই আধুনিক পদ্ধতি।

পর্দায় দেখানো হয়, কীভাবে রক্তনালির মধ্য দিয়ে ভালভ হৃদ্‌যন্ত্রের নির্দিষ্ট স্থানে বসানো হচ্ছে। পদ্ধতিটি এনজিওপ্লাস্টি করার মতোই।

বরিশালের বিশিষ্ট দন্তচিকিৎসক সৈয়দ হাবিবুর রহমানের হৃদ্‌যন্ত্রে ২৫ জুলাই নতুন এই পদ্ধতিতে কৃত্রিম ভালভ বসানো হয়েছে। সংবাদ সম্মেলনে হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দেশের চিকিৎসা অনেক দূর এগিয়েছে। আস্থা আছে বলেই আমি দেশে চিকিৎসা নেই।’